
শেষ আপডেট: 23 November 2023 20:46
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কর্মসমিতির বৈঠক ডাকার এক্তিয়ার নেই। ফের উচ্চ শিক্ষা দফতরের তরফে একথা জানানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে।
সূত্রের খবর, বৃহস্পতিবার এ ব্যাপারে রাজ্যের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে। ফলে আগামীকাল অর্থাৎ শুক্রবার উপাচার্যর ডাকা ইসির বৈঠক ফের বাতিল হতে চলেছে।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহেও কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য। যদিও উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে শেষ পর্যন্ত ওই বৈঠক বাতিল হয়ে যায়। ২৪ ডিসেম্বরের বৈঠকেও তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারপ্রাপ্ত উপাচার্যর ডাকা ইসি বৈঠকে রাজ্য অনুমতি না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের বাজেট ও সমাবর্তন ঘিরে সঙ্কট তৈরি হল বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এই ইসি বৈঠকেই সমাবর্তন অনুষ্ঠান ও বাজেট নিয়ে আলোচনার এজেন্ডা নিয়েছিল বিশ্ববিদ্যালয়। ইসি বৈঠক বাতিল হয়ে যাওয়ায় সমাবর্তন উৎসব কবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
ঘটনার সূত্রপাত, উপাচার্য নিয়োগকে ঘিরে সম্প্রতি রাজ্য বনাম রাজ্যপালের কোন্দল শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। ইউজিসির কমিটিতে কাদের রাখা হবে তা নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে।
এমন আবহে কোনও অবস্থাতেই ভারপ্রাপ্ত উপাচার্যর ডাকা কর্ম সমিতির বৈঠককে রাজ্য অনুমোদন দেবে না বলে আগেই আশঙ্কাপ্রকাশ করেছিল ওয়াকিবহাল মহল। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা সত্যি করে হলও তাই। এক্ষেত্রে রাজ্যের অনুমতির বাইরে গিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বৈঠক করলে তা আইন ভাঙার সমান হবে বলেই মত সংশ্লিষ্ট মহলের। তাতে জটিলতা আরও বৃদ্ধির আশঙ্কা থাকছে।