
শেষ আপডেট: 7 December 2020 16:50
আমাদের সকলের ছোটবেলার নস্ট্যালজিক গান 'ও তোতা পাখি রে, শেকল খুলে উড়িয়ে দেব, আমার মাকে যদি এনে দাও' তাঁর কণ্ঠেই আজও সবার প্রিয়।
নির্মলা মিশ্র দীর্ঘকাল শয্যাশায়ী, খুবই অসুস্থ। কিন্তু তাঁর অসুস্থতার মাঝেই সূর্যালোকের মতোই এল একটা সুখবর। নির্মলা মিশ্রের নামাঙ্কিত তাঁর ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশ করল জেনারেল পোস্ট অফিস, কলকাতা।
যা সত্যি এক অনন্য সম্মান শিল্পীর প্রতি। জীবিত অবস্থায় এমন সম্মান পাওয়া খুবই বিরল।
https://youtu.be/k-4XjlFeeow
জুলাই মাসে গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হন নির্মলা। কিন্তু শ্রোতাদের ভালবাসায়, প্রার্থনায় আবার আপাতসুস্থ হয়ে ফিরে এসছেন চেতলার বাড়িতে। স্থিতিশীল তাঁর অবস্থা, যদিও সার্পোটিং চিকিৎসা চলছে। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম ও চেতলাবাসী নির্মলা মিশ্রর পাশে সবসময়ই রয়েছেন। পাশে আছেন তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্ত, ছেলেও রয়েছেন মায়ের জন্য।
চেতলায় বিশাল সঙ্গীত প্রতিযোগিতা ও সম্মেলন, 'মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলন' হয় বহু বছর ধরেই। এখনও চলছে সেই সঙ্গীত সম্মেলন। বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতি বছর হয়ে থাকে এই উৎসব, কিন্তু এবছর করোনা আবহের জন্য ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। 'মুরারি সঙ্গীত সম্মেলন' এবছর আশি বছরে পা দিল। শাস্ত্রীয় সঙ্গীতের বড় বড় শিল্পীরা কে না এসেছেন এই সম্মেলনে! প্রতিযোগিতাও ছিল বিখ্যাত। সেই প্রতিযোগিতা থেকেই উঠে এসেছিলেন নির্মলা মিশ্র গায়িকা রূপে। খুব ছোট বয়সে সাফল্য পান তিনি। আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লারাও এই সম্মেলন থেকে উত্তীর্ণা।

এর পরেই নির্মলা মিশ্রর নামাঙ্কিত ছবি-সহ ডাকটিকিট প্রকাশ করার উদ্যোগ নেন নির্মলা মিশ্রের ভাইপো দীলিপ মিশ্র, যিনি 'মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলন' এর পরিচালকও বটেন। শেষমেশ নির্মলা মিশ্রের অসুস্থতায় কিছুটা প্রশান্তির প্রলেপ দিল তাঁর নামাঙ্কিত এই ডাকটিকিট।