কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। এসএসকেএম হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য পরিকাঠামো না থাকায় গত ৮ ডিসেম্বর সুজয়কৃষ্ণকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু তার ঠিক আগের রাতেই ৭ ডিসেম্বর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা যায়, সুজয়কৃষ্ণ গুরুতর অসুস্থ।
সেই ঘটনার পর থেকেই কাকুকে 'বাগে' আনতে আরও উঠে পড়ে লেগেছিলেন ইডি কর্তারা। কেন্দ্রীয় এজেন্সির দুই কর্তা সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিতে গত ১১ ডিসেম্বর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। তারপর মঙ্গলবার কাকুর অসুস্থতার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ মেডিকেল রিপোর্ট চেয়ে অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছিল ইডির তরফে।
সূত্রের খবর, সামান্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে যেভাবে গত কয়েক মাস ধরে বাধার মুখে পড়তে হচ্ছে ইডিকে, তাতে কাকুকে সিসিটিভির আওতাধীন করে রাখার জন্য আর্জি জানানো হবে কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা করছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা।


