
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 11 April 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: কোন পথে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো যায়, তা নিয়ে আর কিছু পরেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যে ব্রাত্য বসুর পাশাপাশি বিকাশ ভবনে পৌঁছেছেন উচ্চ শিক্ষা দফতরের পদস্থ কর্তারাও।
চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে দফতরের কর্তাদের নিয়ে একপ্রস্থ আলোচনায় বসেছেন শিক্ষামন্ত্রী। সেখানে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, মন্ত্রী, এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের ল সেলের আধিকারিকরা। তারপরই চাকরিহারাদের সঙ্গে হবে বৈঠক।
বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে?
চাকরিহারাদের প্রধান দাবি, অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসিকে। বাছাই করতে হবে যোগ্য ও অযোগ্যদের তালিকা। কোন পথে এই সমাধান বের হয় বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হবে। এরই পাশাপাশি চলতি মাসের বেতন চাকরিহারারা পাবেন কিনা তা নিয়েও আলোচনার সম্ভবনা রয়েছে। একই সঙ্গে স্কুলগুলিতে স্বেচ্ছায় ক্লাস করার জন্য চাকরিহারা শিক্ষকদের আগেই অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। বৈঠক থেকে এ ব্যাপারেও ফের চাকরিহারাদের কাছে শিক্ষামন্ত্রী আর্জি জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এসএসসির নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। আদালত জানিয়েছে, যোগ্য ও অযোগ্য বাছাই করা যায়নি বলেই সমগ্র প্যানেল বাতিল করা হল। এরই প্রতিবাদে সেদিন থেকে আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারা সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানারা। শুক্রবার এসএসসি ভবন অভিযানে নেমেছেন চাকরিহারারা। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের স্বার্থে ওড়ানো হচ্ছে ড্রোনও।
সূত্রের খবর, এদিন দুপুরে তাঁদের শারীরিক পরীক্ষাও করা হয়। বিভিন্ন মহলের তরফ থেকে তাঁদের অনশন প্রত্যাহারের কথা বলা হলেও চাকরিহারারা সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনও সমাধান সূত্র বের না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। ইতিমধ্যে চাকরিহারাদের একাংশ চাকরি না ফিরিয়ে দিলে স্বেচ্ছামৃত্যুর অনুমতির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদনও করেছেন।
অন্যদিকে শুরু থেকেই পাশে থাকার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সরকার মানবিকভাবে যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছে। সমস্যার সমাধানে সব রকমের চেষ্টা করা হচ্ছে। বিনিময়ে চাকরিহারাদের তিনি একটু ধৈর্য ধরার আহ্বানও জানান বৃহস্পতিবার। সব মিলিয়ে বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হয় কিনা, তা নিয়ে নজর রয়েছে সব মহলের।