
আচার্য সদন
শেষ আপডেট: 13 April 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: যোগ্য-অযোগ্য বাছাই দ্বন্দ্বের আবহেই নতুন করে তালিকা করে প্রায় ১৯ হাজার চাকরিহারার নাম শিক্ষা দফতরকে পাঠাল এসএসসি (SSC)। সূত্রের খবর, সংশ্লিষ্ট তালিকায় 'যোগ্য' চাকরিচ্যুতদের নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী (Deprived Teachers) সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর থেকেই দাবি করে আসছেন অযোগ্যদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এই বলে অবস্থান, বিক্ষোভও করছেন তাঁরা।
শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যানদের সঙ্গে একপ্রস্থ বৈঠকের পর জানা গিয়েছিল এসএসসি নাকি যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে। রোববারের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে ফেলা হবে। আইনি পরামর্শ মেনে ২১ এপ্রিল সেই তালিকা প্রকাশ্যে আনা যেতে পারে।
কিন্তু প্রশ্ন উঠছে, এসএসসির কাছে যদি আগে থেকেই যোগ্য-অযোগ্যদের তালিকা থাকে তাহলে আবার নতুন তালিকা তৈরি হল কী কারণে! শিক্ষা দফতরের এক সূত্র জানিয়েছে, শীর্ষ আদালতের রায়ে যাঁদের 'অযোগ্য' বলে চিহ্নিত করা হয়নি, তাঁদের নামও এই তালিকায় ঠাঁই পেয়েছে। ইমেল মারফৎ তালিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই। যার সবটা খুঁটিয়ে দেখবে শিক্ষা দফতর।
এদিকে, ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর সরকারের উপর চাকরিহারাদের একাংশের খানিকটা ভরসা জাগলেও, পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। যে কারণে, সোমবার থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চের চাকরিহারারা (SSC)।
রোববার সাংবাদিক বৈঠক করে চাকরি বাতিলের প্রতিবাদে তাঁদের যে দিল্লি অভিযান রয়েছে, তার একপ্রকার রুট ম্যাপও বুঝিয়ে দিয়েছেন। তবে তার আগে আগামিকালই বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারপতিকে বিকেল পাঁচটা নাগাদ ওয়াই চ্যানেলে আহ্বান জানিয়েছেন। সেখানে তাঁরা নিজেদের সমস্যার কথা জানাবেন।