
এসএসসি চাকরি হারাদের বিক্ষোভ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 3 May 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: সুবিচারের আশায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। চড়া রোদে সল্ট লেকে করুণাময়ীর রাস্তা অবরোধ করেই চলছে তাঁদের বিক্ষোভ। তাঁদের ধর্না চলছে আচার্য ভবনের সামনে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে সেক্টর ফাইভের রাস্তা।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তফাত করতে ব্যবস্থা নিতে হবে এসএসসি দফতরকে। তাই এদিন তাঁরা আচার্য ভবনে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে এসেছিলেন। কিন্তু গেটে পৌঁছনর সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁদের আটকে দেয়। তাই বাধা পেয়ে তাঁরা রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এক বিক্ষোভকারী বক্তব্য, যাদের জন্য আজ এই পরিস্থিতিতে পৌঁছেছি তাঁদেরই এই সমস্যার সমাধান করতে হবে। এসএসসিকেই জবাব দিতে হবে। যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে। এসএসসির চেয়ারম্যানের কাছ থেকে এবিষয়ে জানার পরেই তাঁরা এলাকা ছেড়ে যাবেন।
স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে অংশ নেওয়া চাকরিহারা এক শিক্ষক বলেন, “অযোগ্য কিছু শিক্ষকদের জন্য আজ আমাদের মতো যোগ্য শিক্ষকদের এই পরিণতি। এসএসসি ওএমআর শিট প্রকাশ করুক।“
ইতিমধ্যে ২০১৬ প্যানেলের যোগ্যদের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী। বর্ধমানের জনসভা থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যাঁরা যোগ্য তাঁদের চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি। যাঁরা সৎ, সঠিক ডিগ্রি আছে তাঁদের পাশে রয়েছে বিজেপি। ‘এটা মোদীর গ্যারেন্টি।‘
গত মাসেই হাইকোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেলকে বাতিল ঘোষণা করেছে। এতে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। ওই প্যানেলের ওএমআর শিট নষ্ট হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছেন যোগ্যরা। চাকরিহারা এবং রাজ্য সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। গত ২৯ এপ্রিল এই মামলার একটি শুনানি হয়। তবে যোগ্য-অযোগ্যের বিভাজন কীভাবে করা হবে সেই বিষয়টি অস্পষ্টই থেকে যায়। আগামী ৬ মে ফের এবিষয়ে শুনানি রয়েছে।