
শেষ আপডেট: 17 April 2022 08:44
দ্য ওয়াল ব্যুরো: টানা দশদিন অনশনের পর রবিবার অসুস্থ হয়ে পড়লেন ৩ এসএসসি চাকরিপ্রার্থী (SSC Protest)। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দশদিন হল শহিদ মিনারে এসএসসি-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা রিলে অনশন করছেন। এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীদের চার প্রতিনিধি। কালীঘাট থানা ওই চারজনকে আটক করে লালবাজারে নিয়ে যায়। আটকদের মুক্তির দাবিতে শহিদ মিনার চত্বরে মিছিল করেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা। অসুস্থ হয়ে পড়েন ৩ জন।

আরও পড়ুন: ৩০০ ঢাক বাজিয়ে, মাটির ঘোড়া দিয়ে শান্তিনিকেতনে পালিত হচ্ছে ধরম পুজো
উল্লেখ্য, বহুদিন ধরেই মেয়ো রোডে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ চলছে। গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানও চলছিল। তাঁদের অভিযোগ মেধাতালিকায় অসঙ্গতি, একাধিক দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে।
২০১৯ সালেও প্রায় এক মাস অবস্থানে বসেছিলেন চাকরিপ্রার্থীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে সেই আন্দোলনের শেষ হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ আশ্বাস দেওয়ার পরেও আড়াই বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও তাঁদের সমস্যার সমাধান হয়নি।