.webp)
শীর্ষ আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন
শেষ আপডেট: 23 April 2024 22:14
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট যেভাবে ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে তাতে যে তাঁরা একেবারেই খুশি নন, বরং এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছেন, সোমবারই একথা জানিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
সূত্রের খবর, হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার শীর্ষ আদালতে যাচ্ছে এসএসসি। '৫ হাজার জনের জন্য কেন ২৬ হাজার জন ভুগবেন, কেন যোগ্য-অযোগ্যদের বিভাজন করা হল না', মূলত এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি, যারা চাকরি পেয়েছেন, তাঁদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক ১২ শতাংশ সুদ-সমেত ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়।
রায় বেরানোর পর সোমবারই সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন, 'এই যে যোগ্য-অযোগ্যের যে বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এফিডেভিট সহকারে এই কোর্টে পেশ করেছি। আমরা বলেছি, আমাদের চোখে, এবং অবশ্যই সিবিআইয়ের অনুসন্ধানের পরে, কতজন মোট নিয়োগ পেয়েছেন, এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে, সেটা ওএমআর সংক্রান্ত হোক বা র্যাঙ্ক জাম্পিং-এর অভিযোগ হোক, সেটা কিন্তু আলাদা করে দিয়েই আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। তারপরেও এক ধাক্কায় সবার চাকরি বাতিলের প্রশ্নে সহমত হতে পারছি না।"
সূত্রের খবর, এসএসসির পাশাপাশি রাজ্যও এ ব্যাপারে রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে পিটিশন দেবে। অন্যদিকে চাকরিহারারাও বুধবার এ ব্যাপারে মামলা দায়ের করতে যাচ্ছেন শীর্ষ আদালতে। এখন দেখার শীর্ষ আদালত এ ব্যাপারে কী পদক্ষেপ করে।