
অধীর রঞ্জন চৌধুরী।
শেষ আপডেট: 18 April 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন রাজ্যের 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা (SSC)। ২৬ হাজার শিক্ষকদের মধ্যে যাঁদের 'অযোগ্য' বলে শনাক্ত করা গেছে, তাঁদের বাদ দিয়ে বাকিরা আপাতত চাকরিতে বহাল থাকবেন। শুক্রবারের রায়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court )।
আদালতের সেই রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার বড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । অধীরের কথায়, "এই রায় তো ক্ষতর ওপরে একটা লিউকোপ্লাস্টের মতো! ডিসেম্বরের পর তো শিক্ষকদের চাকরি অনিশ্চিত! এই ভাঙা মন নিয়ে শিক্ষকরা কী পড়াবেন?"
একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এও বলেন, "আমি তো আর বিচারপতিদের সমালোচনা করতে পারি না! আমার সেই ক্ষমতাও নেই, অধিকারও নেই! মানসিকতাও নেই। আসলে এটা রাজ্যের ব্যর্থতা। বিচারপতিদের কাছে যে তত্ত্ব থাকে তাঁর ভিত্তিতে তাঁরা রায় দেন! আর রাজ্য তো শুরু থেকে অযোগ্যদের রক্ষা করতে চেয়েছে।"
অধীরের অভিযোগ, রাজ্য সরকারের অপরাধমূলক উদাসীনতার জন্য, পর্ষদের ক্ষমাহীন অপরাধের জন্য সুপ্রিমকোর্টের কাছে আমরা কে যোগ্য কে অযোগ্য বলতে পারলাম না। তার ফল ভুক্ত হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। ডিসেম্বরের পর কী হবে তাঁরা জানে না। ফলে এই ভাঙা মন নিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কী পড়াবেন আমাদের জানা নেই। কারণ, তাঁরা নিজেরাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, নব প্রজন্মকে কীভাবে তৈরি করবেন?
এরপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর এও বলেন, "উনি তো নিজেকে বড় আইনজীবী বলে দাবি করেন। আমি বলব, উনি সুপ্রিমকোর্টে দাঁড়িয়ে নিজেদের ভুল শিকার করুন। তাতে ওনারই সম্মান বাড়বে।"