
শেষ আপডেট: 12 July 2022 10:56
দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের কর্মীদের অসহযোগিতার জেরে দেশের বাইরে পালানো হল না শ্রীলঙ্কার (Srilanka) বিতর্কিত রাষ্ট্রপতি (President) গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa)। সরকারি বাসভবন ছেড়ে পালিয়েও জনসাধারণের বিক্ষোভ থেকে রেহাই পেলেন না তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে পালানোর পরিকল্পনা ভেস্তে গেল, আটকে রইলেন নিজের দেশেই।
চরম অথনৈতিক আকালের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন রাষ্ট্রপতি। শনিবার তাঁর সেই বাড়ি দখল করেছে হাজার হাজার সাধারণ মানুষ, কেউ সুইমিং পুলে নেমে পড়েছিল, কেউ বা ঢুকে পড়েছিল সুদৃশ্য রান্নাঘরে। ৭৩ বছর বয়সি রাজাপক্ষে ইতিমধ্যেই ঘোষণা করেছেন, বুধবার পদত্যাগ করবেন তিনি। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের পথ পরিষ্কার করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি হওয়ায় সেদেশের আইনে তাঁকে গ্রেফতার করার বিধান নেই। তাই পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। বিমানবন্দরে সর্বসাধারণের জন্য নির্ধারিত সুবিধা নিতে অস্বীকার করেন রাজাপক্ষে, সেখানেও বিক্ষোভের আভাস পাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর পাসপোর্টে স্ট্যাম্প মারার জন্য ভিআইপি সুইট্যে যেতে অস্বীকার করেন সেখানকার কর্মীরা।
গত রাতে ৪ বার দুবাই যাওয়ার বিমান ধরতে ব্যর্থ হন রাজাপক্ষে। তারপর স্ত্রীকে নিয়ে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মিলিটারি বেস ক্যাম্পে রাত কাটান তিনি। একই ধরনের ঘটনার কারণে বিদেশ যাওয়া আটকে যায় রাজাপক্ষের ভাই প্রাক্তন অর্থমন্ত্রী বাসিলেরও। অন্যান্য যাত্রীরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করতেই তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যান বাসিল।
সূত্রের খবর, রাজাপক্ষের সরকারি বাসভবনে একগাদা নথি সহ একটি স্যুটকেস পাওয়া গেছে। এছাড়া ১৭.৮ মিলিয়ন নগদ টাকাও পাওয়া গেছে, যা আপাতত কলম্বো আদালতের জিম্মায় রয়েছে। তবে সরকারি তরফে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নৌবাহিনীর সাহায্য নিয়ে জলপথে ভারত কিংবা মালদ্বীপে পালানোর রাস্তা এখনও খোলা রয়েছে রাষ্ট্রপতির।
কথা মতো রাজাপক্ষে ইস্তফা দিলে নিয়ম অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী রামিল বিক্রমসিংহে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ পাবেন।