
শেষ আপডেট: 6 December 2020 07:26
দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সোশ্যাল মিডিয়ায় মিথিলা পোস্ট করেই জানালেন আজ তাঁদের বিবাহবার্ষিকী। মেয়ে আইরাকে নিয়ে তাঁরা দুজন এখন সুন্দরবনে আছেন। কয়েকটা ছবির কোলাজের সঙ্গে লিখে জানালেন, "এর মধ্যেই এক বছর কেটে গেল। অ্যাডভেঞ্চার চলুক... শুভেচ্ছা রইল পার্টনার।"মিথিলার পোস্টটি ইতিমধ্যেই এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। এক ধাক্কায় সকলের মনে পড়ে গেল তাঁদের বিয়ের দিন।
পোস্টের সঙ্গে রেজিস্ট্রি বিবাহের দিনেরও ছবি পোস্ট করেন মিথিলা। সেই দিন পরেছিলেন বাংলাদেশের মসলিন লাল ঢাকাই শাড়ি। সৃজিত পরেছিলেন কালো তসরের পাঞ্জাবি সঙ্গে জহরকোট। মেয়ে আইরার উপস্থিতিতেই বিয়ে করেন তাঁরা। বিয়ের পর তাঁদের ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন, "সই।" রেজিস্ট্রি বিবাহের দিন উপস্থিত ছিলেন তাঁদের খুব কাছের মানুষজন।
তারপরেই এই বছর ফেব্রুয়ারি মাসে কলকাতার 'স্বভূমি'তে একটা গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেন সৃজিত। দুজনেই শর্বরী দত্তের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন। সেই সন্ধেয় স্বভূমিতে যেন চাঁদের হাট বসেছিল। টলিউডের নতুন দম্পতি সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন নামকরা তারকারা।