দ্য ওয়াল ব্যুরো: ফের গণকবরের সন্ধান পাওয়া গেল শ্রীলঙ্কায়। উত্তর-পশ্চিমের শহর মান্নারের এই গণকবরটি এখন পর্যন্ত সবচেয়ে বড় কবর বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। সূত্রের খবর গণকবরটি থেকে এখন পর্যন্ত ২৩০টিরও বেশি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আটের দশক থেকে শ্রীলঙ্কায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী তামিল গেরিলাদের গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ ২৬ বছর ধরে চলা ওই যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হন। নিখোঁজ হয়ে যান অন্তত ২০ হাজার মানুষ । ২০০৯ সালে গৃহযুদ্ধের অবসানের পর যুদ্ধাঞ্চলে খুঁজে পাওয়া এটি প্রথম এত বড় গণকবর। তবে এই গণকবরে পাওয়া দেহাবশেষগুলির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। জানা যায়নি, কীভাবে তাদের মৃত্যু হয়েছে।
কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক নৃতত্ত্ব অধ্যাপক রাজ সোমদেব জানান, কঙ্কালগুলিতে অনেক অলঙ্কার পেয়েছেন তাঁরা। তবে হাড়গুলোর অবস্থা খুব একটা ভাল নয়। তাই পরিচয় শনাক্ত করা কঠিন।
এ বছরের শুরুর দিকে একটি নির্মাণ কাজের জন্য ওই এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু হলে প্রথম কঙ্কালগুলো দেখতে পান শ্রমিকেরা। পরে শ্রীলঙ্কার একটি আদালত রাসায়নিক বিশেষজ্ঞদের এলাকা খুঁড়ে দেখার নির্দেশ দিলে গণকবরটি খোঁড়াখুঁড়ি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়। ধারণা করা হচ্ছে, গৃহযুদ্ধের সময়ে সেনাবাহিনী এবং তামিল গেরিলা দু'পক্ষই অসামরিক নাগরিকদের ওপর যে গণহত্যা চালিয়েছিল, তারই ফল এই গণকবর।