
শেষ আপডেট: 9 July 2022 18:17
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল শ্রীলঙ্কায় (Sri Lanka Crisis)। আর্থিক সঙ্কটের জেরে জেরবার ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রটি। শুক্রবার রাত থেকেই ফের নতুন করে বিক্ষোভ শুরু হল সেখানে। রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষের ইস্তফার দাবিতে সরব হন দেশের নাগরিকরা। অবশেষে গণ বিক্ষোভের জেরে পিছু হটতে বাধ্য হলেন গোটাবায়ে রাজাপক্ষ। সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বুধবারই রাষ্ট্রপতি পদ ইস্তফা দেবেন রাজাপক্ষ।
এদিকে শ্রীলঙ্কায় বিক্ষোভের আগুন গ্রাস করল কলম্বোর প্রধানমন্ত্রীর আবাস। শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়, বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের (ranil wickremesinghe) বাড়িতে হামলা চালায়। গেট ভেঙে বাড়ির মধ্যে ঢোকেন বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর বাড়িতে।

এই ঘটনার কিছু সময় পরেই রাষ্ট্রপতির ইস্তফার খবর জানানো হয়। সূত্রের খবর, আগামী বুধবার অর্থাৎ ১৩ জুলাই ইস্তফা দেবেন গোটাবায়ে রাজাপক্ষে। তার পর পরবর্তী রাষ্ট্রপতি ঠিক না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাবেন দেশের স্পিকার।
এদিকে, আজ বিকেলেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রনিল বিক্রমসিঙ্ঘে। গত ১২ মে শ্রীলঙ্কার ব্যপক অর্থ সঙ্কটের মুখে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। কিন্তু দু'মাস যেতে না যেতেই ফের দেশে গণ বিক্ষোভের পরিস্থিতি দেখা যায়। শনিবার সকাল থেকেই লাখ লাখ মানুষ পথে নেমে আসেন। রাষ্ট্রপতি ভবনের বাইরে জমায়েত বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান বলে জানান বিক্রমসিঙ্ঘে।
অন্যদিকে জনরোষের আঁচ পেয়েই নিজের প্রসাদ থেকে পালিয়ে যান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। এখন তিনি কোথায় আছেন কেউ জানেন না। তবে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন বিকেলেই তিনি নৌসেনার জাহাজে করে কলম্বো বন্দর থেকে মাঝ সমুদ্রে পাড়ি দেন।
গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে ধুঁকছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রটি। শ্রীলঙ্কায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। ফুরিয়ে গিয়েছে জ্বালানিও। ফলে সারা দেশের যাত্রী পরিবহণ থেকে পণ্য পরিবহণ কার্যত স্তব্ধ। সেইসঙ্গে পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সব মিলিয়ে দ্বীপরাষ্ট্রটিতে যেন দুর্ভিক্ষের পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ফের পালাবদল জাতীয় রাজনীতিতে।
পালিয়ে নৌসেনার জাহাজে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, সমুদ্রেই কাটাবেন দিন!