
শেষ আপডেট: 2 July 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের যোগ্যতাপর্বে বিদায়ের পরে আশঙ্কা একটা ছিলই। তা হলে কি ক্যারিবিয়ানদের মতো বিশ্বকাপের টিকিট হারাবে শ্রীলঙ্কাও।
জিম্বাবোয়েকে পর্যুদস্ত করল শ্রীলঙ্কা। শনিবার ব্যাটে-বলে তাদের নাস্তানাবুদ করে দাসুন শানাকারা পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে। ১০১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিম্বাবোয়েকে কার্যত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বরং জিম্বাবোয়ে হেরে ক্রমে অনিশ্চিত হয়ে পড়েছে।
স্কটল্যান্ডকে হারালেই সহজে ভারতের আসার টিকিট পেয়ে যাবে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের পয়েন্ট ৪ ম্যাচে ৬। আর স্কটল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৪। সেক্ষেত্রে জিম্বাবোয়ে হারলে সমস্যায় পড়ে যাবে তারা।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপাকে পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে। ৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। ৩০ রানের মাথায় পড়ে ৩ উইকেট। চতুর্থ উইকেটে সিন উইলিয়ামস এবং সিকান্দার রাজা কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তাঁরা ৬৮ রানের জুটিতে রানও তোলেন। ৫১ বলে ৩১ করে আউট হন সিকান্দার রাজা। সিন উইলিয়ামস কিছুটা লড়াই করেছিলেন। তবে তিনি ৫৭ বলে ৫৬ করে সাজঘরে ফেরেন।
জবাবে শ্রীলঙ্কা সহজেই রান তুলে ফেলেছে। পাথুম নিসঙ্কা এবং দিমুথ করুণারত্নে মিলে ওপেনিং জুটিতেই ১০৩ রান করে ফেলেছিলেন। করুণারত্নে ৫৬ বলে ৩০ করে ফিরলেও, পাথুম ১০৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি করার পাশাপাশি দলকেও কাঙ্খিত জয় এনে দেন। তিনে নেমে কুশল মেন্ডিস ৪২ বলে ২৫ রান করেন। ১০১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। ৩৩.১ ওভারে ১ উইকেটে ১৬৯ রান করে ম্যাচ জিতে নিয়েছে।
শ্রীলঙ্কার সফল বোলার মহেশ থিকশানা। ৮.২ ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ৫ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তোলেন দিলশান মাদুশঙ্কা। এ ছাড়া মাথিশা পাথিরানা ২ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন দাসুন শানাকা।