
শেষ আপডেট: 15 May 2023 18:23
দ্য ওয়াল ব্যুরো: এবারও হার্দিক পান্ডিয়ার গুজরাতকে চ্যাম্পিয়নের মতো লাগছে। সোমবার তারা হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফে স্থান করে নিল (Gujarat beat Hyderabad in Indian Premier League -IPL)। এমনিতে এই ম্যাচে শুভমান গিলের সেঞ্চুরি ছিল। পাশাপাশি বোলিংয়ে মহম্মদ শামি (Mohammad Shami) ও মোহিত শর্মা মিলে প্রতিপক্ষের দলকে শেষ করে দিয়েছেন। শামি চার উইকেট নিয়েছেন ২১ রানে। আর মোহিত ২৮ রানে চার উইকেট নেন। এই ম্যাচ জিতে গুজরাত প্লে অফে স্থান করে নিল।
হার্দিকদের ১৮৮ রানের জবাবে হায়দরাবাদ করেছে ১৫৪/৯। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের ওপেনার শুভমান গিলের দারুণ সেঞ্চুরি দলকে জয়ের ভিত গড়তে সহায়ক হয়েছে।
চলতি আসরে বলে বলে এবার সেঞ্চুরি হচ্ছে। শুভমান করলেন ৫৮ বলে ১০১ রান, যার মধ্যে রয়েছে ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। পাশাপাশি হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার একাই পাঁচ উইকেট নিয়েছেন। গুজরাত শেষমেশ করেছে ১৮৮/৯।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত দলের পক্ষে শুভমান ছাড়াও সাই সুদর্শন ৪৭ রান করেছেন। না হলে বাকি কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। হার্দিক ৮ রান ও ঋদ্ধিমান ফিরেছেন শূন্য রানে। শুভমান যা খেলেছেন, তা এককথায় ক্ল্যাসিক। ২২ বলে প্রথম ৫০ রান করেছেন। ১০০ রান এসেছে ৫৬ বলে।
তার মধ্যে হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমার একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচের রং বদল করে দিয়েছেন। তিনি বুড়ো হাড়ে ভেলকি দেখালেন। এক ওভারে তিনি তিনটি উইকেট নিয়েছেন, একটি রান আউট হয়েছে। ছয় বলের মধ্যে চারটিতে উইকেট গিয়েছে বিপক্ষের।
শেষমেশ ভুবির দুরন্ত বোলিং কাজে এল না তাঁর দল হেরে যাওয়ায়।