দ্য ওয়াল ব্যুরো: দর্শকশূন্য গ্যালারির কী গর্জন!
শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের বিনোদন। কোভিড পরিস্থিতির কারণে এবার আইপিএল হচ্ছে দুবাইয়ে। দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলতে হবে ক্রিকেটারদের। এদিনও তেমনই শুরু হয়েছিল। কিন্তু প্রথম বলের পরেই চমকে উঠল ক্রিকেট দুনিয়া।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে স্ট্রাইকে ছিলেন রোহিত শর্মা। উল্টোদিকে চেন্নাইয়ের হয়ে স্পেল শুরু করেন দীপক চাহার। প্রথম বলেই চার মারেন মুম্বই অধিনায়ক রোহিত। আর তারপরই কার্যত জনতার গর্জনে কেঁপে উঠল মরু শহরের স্টেডিয়াম!
সাউন্ড ডিজাইনিংয়ে একেবারে দর্শক ঠাসা স্টেডিয়ামের আমেজ বজায় রাখতেই এই পরিকল্পনা নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এর আগে ফুটবলে এই জিনিস দেখ গিয়েছিল। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে শোনা গিয়েছিল সমর্থকদের চ্যাণ্ট। এবার তা দেখা গেল আইপিএলেও।
প্রসঙ্গত সব খেলোয়াড়ই চান, দর্শক ঠাসা স্টেডিয়ামে খেলতে। যে করণে সব ক্রিকেটারের স্বপ্ন থাকবে জীবনে একবার ইডেনে নামতে। ভারতীয় ফুটবলাররা স্বপ্ন দেখেন ইস্টবেঙ্গল বা মোহনবাগান জার্সিতে কানায় কানায় পূর্ণ যুবভারতীতে ডার্বি খেলতে। কারণ একটাই। দর্শকঠাসা স্টেডিয়ামের উত্তেজনার আঁচ গায়ে মাখা।
যদিও আইপিএল নিয়ে আশার কথা শুনিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, এখন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও পরের দিকে ৩০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ হতে পারে। তবে সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে আপাতত কৃত্রিম দর্শকদের আওয়াজ কানে নিয়েই খেলতে হবে ধোনি, কোহলিদের।