
শেষ আপডেট: 17 March 2022 12:11
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কে (Sports Scam) মারিয়া শারাপোভা (Maria Sharapova) ও মাইকেল শুমাখারের (Michael Schumacher) মতো দুই কিংবদন্তি। দুই নামী তারকার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। দিল্লির গুরুগ্রামের এক মহিলা ওই দুই বিখ্যাত তারকার নামে মামলা করেছেন। দিল্লির এক মহিলা শারাপোভা ও শুমাখারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
দিল্লির ছাত্তারপুরের মিনি ফার্মের বাসিন্দা শেফালি আগরওয়াল জানিয়েছেন, গুরুগ্রামের ৭৩ সেক্টরে তিনি একটি আবাসন প্রকল্পে অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন। ২০১৬ সালের মধ্যে সেই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আদতে সেই প্রকল্প নাকি শুরুই করা হয়নি।
আরও অবাক করার মতো বিষয় হচ্ছে, মারিয়া শারাপোভার নামে ওই আবাসন প্রকল্পটি হওয়ার কথা ছিল। সেখানে একটি টাওয়ারের নাম দেওয়া হয়েছিল মাইকেল শুমাখার। কেন ওই প্রকল্পটি শুরু করা হল না, সেই নিয়েও আদালতে গিয়েছেন ওই মহিলা। তিনি ওই অ্যাপার্টমেন্টের মোট ১৩জনের নামে মামলা করেছেন।
Wriddhiman Saha: ঋদ্ধিমান বিতর্কে শাস্তি পেতে পারেন সাংবাদিক, চাপে রয়েছে সৌরভের বোর্ড
ওই মহিলা দাবি করেছেন, দুই তারকা ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের নামে বিজ্ঞাপনের কাজ করেছেন। তাঁরাও বিষয়টি সম্পর্কে জড়িত। শুমাখার যদিও দুর্ঘটনার পরে বহুদিন শয্যাশায়ী ছিলেন।
শেফালি গুরুগ্রামের আদালতে রিয়েলটেক ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অন্য ডেভলপার, শারাপোভা এবং শুমাখারের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকার প্রতারণা করার জন্য অভিযোগ দায়ের করেছিলেন।
ওই মহিলা আইনি নোটিশে জানান, ওই অ্যাপার্টমেন্টের প্রচারের কাজ করেছেন শারাপোভা ও শুমাখার। এও বলা হয়, যাঁরা ওই প্রকল্পে থাকবেন, তাঁদের সঙ্গে শারাপোভার নৈশভোজ করার কথা ছিল। পরে সেটি নিয়ে কিছু হয়নি। এখন দেখা যাচ্ছে প্রকল্পের কাজই শুরু হয়নি।