দ্য ওয়াল ব্যুরো : শ্রীনগরের জওহর নগর এলাকায় বিধায়ক আইজাজ মিরের বাড়ি পাহারার জন্য মোতায়েন করা হয়েছিল আদিল বশির শেখ নামে এক স্পেশ্যাল পুলিশ অফিসারকে। সে তার সহকর্মীদের সাতটি রাইফেল ও একটি পিস্তল চুরি করে তুলে দিয়েছে জঙ্গিদের হাতে। তারপর নিজেও গা ঢাকা দিয়েছে।চুরি যাওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি।
কাশ্মীরে জঙ্গি দমনের জন্য স্থানীয় যুবকদের অনেককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরই বলে এসপিও।আদিল বশির শেখের বয়স ২৪। বাড়ি শোপিয়ানের জৈনপুরায়। বিধায়ক আইজাজ মির যে গ্রামের মানুষ, সেই গ্রামেই আদিলের বাড়ি।গত দু’সপ্তাহ বিধায়ক দিল্লিতে আছেন। শ্রীনগরে তাঁর বাড়িতে আটজন রক্ষী মোতায়েন ছিল। বিধায়ক বাড়িতে না থাকায় তারাও যে যার বাড়ি চলে যায়।যাওয়ার আগে বিধায়কের বাড়িতে অস্ত্রগুলি জমা দিয়ে যায়।
আদিলও গ্রামে ফিরে গিয়েছিল। শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ বিধায়কের বাড়িতে ফিরে আসে। সে মাঝে মাঝে বিধায়কের বাড়িতে রান্না করত। এদিনও নিজের জন্য রান্না করে। তারপর এক ফাঁকে রক্ষীদের জমা দেওয়া অস্ত্রগুলি বাড়ির পাশের সরু গলিতে নিয়ে যায়। সেখানে গাড়ি নিয়ে জঙ্গিরা অপেক্ষা করছিল। তারা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে যায়।
ডিজি দিলবাগ সিং ঘোষণা করেছেন, প্রতিটি অস্ত্র উদ্ধার পিছু ২ লক্ষ টাকা করে পুরস্কার দেবেন।