
শেষ আপডেট: 3 June 2020 18:30
পাইলট তাঁর বয়ানে বলেছেন, ফরিদাবাদ থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিলেন তিনি। কাজের সূত্রেই তাঁকে যেতে হত মুম্বই। রাতে ফ্লাইওভারের উপরে মিনিট দশেকের জন্য গাড়িটি দাঁড় করানো হয়েছিল। ওইটুকু সময়ের মধ্যেই ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা। যুবরাজ বলেছেন, দশ জন বা তার বেশি আততায়ী ছিল ওই দলে। প্রত্যেকের হাতেই ছিল পিস্তল। গাড়ি ঘিরে ফেলে প্রথমেই একজন জানলার কাঁচ ভেঙে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। কপালে পিস্তল ঠেকিয়ে টাকা চায়। অন্য আরেকজন ততক্ষণে ছুরি দিয়ে তার পা চিরে দিয়েছে। গলগল করে রক্ত বার হচ্ছে। প্রাণে বাঁচতে সঙ্গে থাকা সব টাকাই দিয়ে দেন যুবরাজ। তাঁর কথা অনুযায়ী, প্রায় ৩৪ হাজার টাকা লুঠ করে পালিয়েছে ওই ডাকাতদল।
রাতের দিল্লিতে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। দিল্লি আইআইটির কাছের ফ্লাইওভারে এমন ডাকাতির ঘটনা নাকি নতুন নয়, এমন অভিযোগ স্থানীয়দেরই। এর আগেও বহু মানুষ আততায়ীদের খপ্পরে পড়ে জখম হয়েছেন। তাঁদের সর্বস্ব লুঠ হয়েছে। ডেপুটি কমিশনার (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানিয়েছেন, পাইলটকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে থাকতে দেখে একটি টহলদারি ভ্যান। তারাই উদ্ধার করে নিয়ে যায় ফরিদাবাদ হাসপাতালে। তবে তার আগে ওই বাইকবাহিনীকে মেহরউলি অবধি অনুসরণ করেছিল তারা। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ওই দলকে পাকড়াও করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিসিপি। ভারতীয় দণ্ডবিধির ৩৯২, ৩৯৪ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।