
শেষ আপডেট: 6 July 2022 10:53
দ্য ওয়াল ব্যুরো: স্পাইসজেট (SpiceJet) আর বিপত্তি, গত কয়েকদিনে বারবার এমন কাণ্ডে খবরের শিরোনামে উঠে এসেছে এই বিমান সংস্থাটি। গত ১৮ দিনে ৮টি বিমানের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির খবর সামনে এসেছে। প্রতিবারই জরুরি অবতরণ করতে হয়েছে। এমন কাণ্ডে ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। পরপর বিমান বিপত্তির ঘটনায় এবার স্পাইসজেটকে শোকজ নোটিস পাঠাল ডিজিসিআই (DGCI)।
একই ঘটনা কেন হচ্ছে বারবার? তারই উত্তর জানতে চাওয়া হয়েছে এই বেসরকারি বিমান সংস্থার থেকে। ডিরেক্টর জেনারেল ওফ সিভিল এভিয়েশন তাদের নোটিসে বিমানের অভ্যন্তরীণ ফাঁকগুলির কথা উল্লেখ করেছে। এমনকি বিমানের যন্ত্রাংশে ত্রুটি থেকে যাচ্ছে। নিম্ন মানের যন্ত্রাংশ ব্যবহারের কারণেই বারবার একই ঘটনা ঘটছে। বলা হয়েছে, সুরক্ষিত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে স্পাইসজেট।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় তিনটি বিপত্তি ঘটে স্পাইস জেট বিমানের ক্ষেত্রে। প্রথমে মুম্বই থেকে দুবাইগামী একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় করাচিতে জরুরি অবতরণ করাতে হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে দ্বিতীয় বিপত্তি। গুজরাতের কান্ডালা থেকে মুম্বইগামী একটি বিমানের উইন্ডশিন্ডে ফাটল দেখা দেওয়ায় পাইলট বিমানটিকে জরুরি অবতরণ (SpiceJet Emergency Landing) করায়।
এদিনও একই বিপত্তি। তবে এবার একটি মালবাহী বিমানের ক্ষেত্রে ঘটে দুর্ঘটনা। মাঝ আকাশে চিনগামী ওই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে পাইলট তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। শেষ ঘটনাটি ধরে এই নিয়ে গত ১৮ দিনে ৮টি বিপত্তির খবর সামনে এল।
একাধিকবার এমন কাণ্ড ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন বারবার এই কাণ্ড ঘটছে স্পাইসজেটের ক্ষেত্রে তা তদন্ত শুরু করেছে ডিজিসিআই। উল্লেখ্য, গতমাসেই ডিজিসিআই এই সংস্থার বিমানের 'ফ্লিট-ওয়াইড সেফটি'র অডিট করেছিল। এবার শোকজ নোটিস পাঠানো হল। তিন সপ্তাহের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
জরুরি অবতরণের পর যাত্রীদের করাচিতে পড়ে থাকতে হয়েছে ১১ ঘণ্টা! স্পাইসজেটে বিরক্ত সকলে