
শেষ আপডেট: 25 July 2023 18:58
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিমানবন্দরে (Delhi airport) দাঁড়িয়েই ছিল স্পাইসজেটের (SpiceJet) বিমানটি। চলছিল রক্ষণাবেক্ষণের কাজ। সেসময়েই হঠাৎ বিপত্তি! দাউদাউ করে আগুন (fire) লেগে যায় তাতে। যদিও বড় দুর্ঘটনা ঘটেনি। বিমানে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থার সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে খানিক শোরগোল ছড়িয়েছিল বিমানবন্দর চত্বরে।
জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে রানওয়ের একপাশে দাঁড় করানো ছিল স্পাইসজেটের একটি বিমান। তখন বিমানটির ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ঠিক সেসময়েই বিমানসংস্থার কর্মী ও ইঞ্জিনিয়াররা দেখেন, ইঞ্জিন থেকে আগুন ফুলকি বেরোচ্ছে! এরপর হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। আগুন দেখে অনেকেই ভয়ে দূরে সরে যান। সঙ্গে সঙ্গে দমকলেও খবর দেওয়া হয়।
তবে আগুন ছড়ানোর আগেই তা আয়ত্তে আনেন কর্মীরা। ঘটনায় কেউই আহত হননি। উল্লেখ্য, স্পাইসজেটের বিমানে এমন ঘটনা নতুন না। আগেও ঘটেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এই এয়ারলাইন্সের বিমানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি চালাচ্ছিল ডিজিসিএ। কিন্তু সম্প্রতি সেই নজরদারি তুলে দেওয়া হয়েছে। আর তারপরেই এই ঘটনা।
উল্লেখ্য, গত ২২ জুন এই এয়ারলাইন্সকে নিরাপত্তার তদারকি সংক্রান্ত ঘটনায় নজরদারিতে রেখেছিল ডিজিসিএ। তারপর ডিজিসিএ দেশের বহু জায়গায় স্পাইসজেটকে ঘিরে নজরদারি ও পর্যবেক্ষণ চালায়। দেশের মোট ১১টি জায়গায় এয়ারলাইন্সের বিমানে ৫১টি স্পট চেক সম্পন্ন হয় বলে জানা যায়। পরে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ।
মণিপুরে মহিলার শ্লীলতাহানি করছে বিএসএফ জওয়ান! চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে