দ্য ওয়াল ব্যুরো : বুধবারই পুরীর জেলাশাসক এক নির্দেশিকায় বলেছিলেন, শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। তার প্রভাবে প্রবল বৃষ্টিতে ভাসবে মন্দির শহর। সড়ক ও রেলপথে যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পুরীতে যে পর্যটকরা রয়েছেন, তাঁরা যেন আগামীকালের মধ্যে শহর ছেড়ে চলে যান। বৃহস্পতিবার জানা গেল, কলকাতার পর্যটকদের পুরী থেকে ফিরিয়ে আনার জন্য তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রথম ট্রেনটি বৃহস্পতিবার বেলা ১২ টায় পুরী থেকে ছাড়ছে। সেই ট্রেন এসে পৌঁছবে শালিমার স্টেশনে। তাতে রিজার্ভ কামরা যেমন থাকবে, তেমনই থাকবে অসংরক্ষিত কামরা। জেনারেল ও স্লিপার ক্লাস, দু’রকমেরই কোচ থাকবে। ট্রেন থামবে খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, কেওনঝর রোড, ভদ্রক, বালেশ্বর ও খড়্গপুরে। বৃহস্পতিবার বেলা দেড়টায় ট্রেনটি পৌঁছবে ভুবনেশ্বরে।
দ্বিতীয় ট্রেনটি পুরী থেকে ছাড়বে বেলা তিনটেয়। তৃতীয় ট্রেনটি ছাড়বে ছ’টায়। এই ট্রেনদু’টিও থামবে খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝর রোড, ভদ্রক, বালেশ্বর ও খড়্গপুরে।
ভারতীয় আবহাওয়া দফতর থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফণী এখন বিশাখাপত্তনমের ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ও পুরীর ৪২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। খুব সম্ভবত ঝড় উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে গোপালপুর ও চাঁদবালির মধ্যে স্থলভূমিতে আছড়ে পড়বে। তখন তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত।
সাইক্লোনের প্রভাব পড়বে ওড়িশার উপকূলবর্তী জেলা গঞ্জাম, গজপতি, খুরদা, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক, জাজপুর ও বালেশ্বরে। যে সব জায়গায় ঝড়ের আঘাত বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে ৮ লক্ষ মানুষকে। তাঁদের রাখা হচ্ছে ৮৭৯ টি সাইক্লোন সেন্টারে। ওড়িশা সরকার আপৎকালীন দফতরের সব কর্মীর ছুটি বাতিল করেছে। ঝড়ে বিপর্যস্ত পথঘাট, বিদ্যুতের লাইন, রেলপথ যাতে দ্রুত মেরামত করা যায়, সেজন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে ১৫ মে পর্যন্ত।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেনাবাহিনী ও বায়ুসেনাকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে তৈরি রাখা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অন্ধ্রে পাঠিয়েছে ১২ টি টিম, ওড়িশায় পাঠিয়েছে ২৮ টি টিম এবং পশ্চিমবঙ্গে পাঠিয়েছে ছ’টি টিম। আরও ৩২ টি টিমকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের কাছে রয়েছে নৌকা, ট্রি কাটার আর টেলিকমের যন্ত্রপাতি।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-cyclone-fani-ndrf-teams-have-been-deployed-in-odisha-andhra-pradesh-west-bengal/