
শেষ আপডেট: 2 November 2022 03:30
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে গ্রামপ্রধান (SP leader) এবং তাঁর স্ত্রী ও মাকে খুন করল দুষ্কৃতীরা (shot dead)! উত্তরপ্রদেশের (UP) বদায়ুঁ এলাকার সাথরা গ্রামের এই ঘটনায় আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা।
পুলিশ জানিয়েছে, নিহত গ্রামপ্রধানের নাম রাকেশ গুপ্ত। ৫৮ বছর বয়স তাঁর। স্ত্রী সারদা দেবী, ৫৪ এবং মা শান্তি দেবী, ৮০। জানা গিয়েছে, রাকেশ সমাজবাদী পার্টির সদস্য। এর আগে ব্লক প্রধান ও জেলা পঞ্চায়েতের প্রধানও ছিলেন তিনি।
প্রাথমিক তদন্তে থেকে জানা গিয়েছে, রাতের অন্ধকারে চারজন দুষ্কৃতী মোটরবাইক নিয়ে এসে হামলা চালিয়েছিল বাড়িতে। পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে তারা। ঘরে তখন ঘুমোচ্ছিলেন রাকেশ, তাঁর স্ত্রী ও মা। ঘুমন্ত অবস্থাতেই পরপর গুলি চালায় আততায়ীরা।
পুরনো কোনও রাজনৈতিক শত্রুতার জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আরও জরুরি তথ্য জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
ডুবে নয়, অগভীর জলের নীচে পাথরে আছড়ে পড়েই মৃত বেশিরভাগ! মোরবি-কাণ্ডে চলছে তদন্ত