
জঙ্গিপুর এসপি আনন্দ রায়
শেষ আপডেট: 13 April 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের পরিস্থিতি (Murshidabad News) নিয়ে রাজীব কুমার একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। রাজ্য পুলিশের ডিজিপি-র পর জঙ্গিপুরের এসপি-ও স্পষ্ট জানিয়ে দিলেন, অনেক গুজব রটেছে, আর না। এসবে যেন কোনও রকম কান না দেওয়া হয়।
ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদে ও তার পরবর্তী অশান্তিতে এখনও থমথমে মুর্শিদাবাদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে সেখানকার এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাতভর সুতি, সামশেরগঞ্জ থানা এলাকায় টহল দিয়েছে তারা। গ্রামে গ্রামে বাহিনীর সঙ্গে ঘুরেছে পুলিশও।
তল্লাশি অভিযানেএখনও পর্যন্ত প্রায় ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল থেকেও একাধিক জায়গায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুট মার্চ করে। বিএসএফের আইজি এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, পুলিশ যদি মনে করে নির্দিষ্ট এলাকাগুলিতে বিএসএফ মোতায়েন থাকবে, তাহলে থাকবে। পরিষ্কার করে এও জানিয়ে দেন যতদিন পুলিশ চাইবে তত দিনই বাহিনী থাকবে এলাকায় এলাকায়। পুলিশকেও সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
নবাবদের শহরের অশান্তি নিয়ে ডিজিপি রাজীবের পর জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ও পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়ে দিলেন, "এখন অবস্থার উন্নতি হচ্ছে। অনেক গুজব ছড়িয়েছে, আর না। আমি সকলকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা গতকাল অনেককে গ্রেফতার করেছি। বাকি দুষ্কৃতীদেরও খুব শীঘ্রই গ্রেফতার করব।"
কারও কোনও সন্দেহ থাকলে স্থানীয়দের কন্ট্রোল রুমে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি। মোটমাট বুঝিয়ে দিতে চেয়েছেন গুজবের ব্যাপারে পুলিশ যথেষ্ট তৎপর।