
শেষ আপডেট: 5 May 2022 14:47
দ্য ওয়াল ব্যুরো: গরমের জন্য সম্পূর্ণ ছুটি নয়, বদলে মাসখানেকের জন্য অনলাইন ক্লাস (Online Class) ফের চালু করল সাউথ পয়েন্ট স্কুল (South Point High School)। সরকার থেকে রাজ্যের সব স্কুলে দেড় মাসের গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলোতে সেই নির্দেশই অনুসৃত হচ্ছে। কিন্তু সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপন্থা অবলম্বন করার সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
আরও পড়ুন: পার্কসার্কাস ময়দানে মদের আসর, মহিলা, শাহনওয়াজের বুকে ছুরি চালায় তোতলা আজাদ
বৃহস্পতিবার সাউথ পয়েন্ট স্কুলের (South Point High School) তরফে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তি এবং রাজ্য সরকারের পরামর্শ মেনে ক্লাসরুমে পড়ানোর প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার থেকে আগামী ২৭ মে শুক্রবার পর্যন্ত এভাবেই ক্লাস হবে। তারপর গরমের ছুটি দেওয়া হবে স্কুলে।
সাউথ পয়েন্টের তরফে (South Point High School) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই অনলাইন ক্লাসের বিষয়ে বিশদ তথ্য ও নির্দেশাবলি স্কুলের অ্যাপে জানিয়ে দেওয়া হবে শীঘ্রই। অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করেছে স্কুল কর্তৃপক্ষ। বলা হয়েছে অনলাইনে যথাসম্ভব উন্নত পরিষেবা দেওয়া হবে স্কুলের তরফে বাচ্চাদের শিক্ষায় কোনও খামতি রাখা হবে না।
বৈশাখের শুরুতে গরমের দাপট নাজেহাল করে তুলেছিল বাংলাকে। দক্ষিণবঙ্গে প্রায় এক সপ্তাহব্যাপী চলেছে তাপপ্রবাহ। আর তার জেরেই রাজ্যজুড়ে দেড় মাসের গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দেখা গেছে সরকারি ছুটি ঘোষণার পরপরই বদলে গেছে হাওয়া অফিসের পূর্বাভাস। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এখন ঝড়বৃষ্টি হয়েই চলেছে। তাপপ্রবাহের রক্তচক্ষু অতীত। তাই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চারদিকে সমালোচনা কম হচ্ছে না।
সাউথ পয়েন্টের ওই বিজ্ঞপ্তি ফেসবুকেও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে অভিভাবকেরা প্রায় কেউই স্কুলের এই সিদ্ধান্তে খুশি নন। তাঁদের বক্তব্য, গরম এখন নেই, বৃষ্টি পড়ছে। তাহলে কেন স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাস হবে? এর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না অভিভাবকরা। স্কুলের সিদ্ধান্তে তাঁরা হতাশ বলেও জানিয়েছেন।
এদিকে সূত্রের খবর শহরের একাধিক বেসরকারি স্কুলেই সরকারের প্রতিনিধি ফোন করেছেন। তাদের জিজ্ঞেস করা হয়েছে তারা এখনও অফলাইন ক্লাস চালিয়ে যাচ্ছেন কিনা, নাকি অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, স্কুলের গরমের ছুটি যাতে এগিয়ে আনা হয় সে বিষয়ে অনুরোধও নাকি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ নিয়ে ফোন যাচ্ছে একাধিক বেসরকারি স্কুলে। পর্যবেক্ষকদের একাংশের মত, এভাবে প্রাইভেট স্কুলের উপর পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে। সাউথ পয়েন্ট স্কুলেও হয়তো সেই চাপের প্রতিফলনই দেখা গেছে।