দ্য ওয়াল ব্যুরো: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। তাদের বিশেষ বিমানে করে ম্যান্ডেলার দেশে নিয়ে যাওয়া হবে। কিন্তু কোনওভাবেই যাতে ভারতীয় দলের কোনও সদস্য ওমিক্রন রোগে সংক্রমিত না হন, তারজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড সেঞ্চুরিয়নে ভারতীয় দল যে হোটেলে থাকবে, পুরো হোটেলটাই বুক করে নিয়েছে। যাতে অন্য কেউ সেই হোটেলে না থাকতে পারেন। তিনি যত বড় ভিআইপি-ই হোন, তিনি ওই হোটেলে উঠতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা বোর্ডও সেই শর্ত মেনে নিয়েছে।
সেঞ্চুরিয়নে ভারতীয় ক্রিকেটাররা থাকবেন আইরিন কাউন্টি লজে। ওই হোটেলকে ইতিমধ্যে বায়ো বাবলে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। ১৭ ডিসেম্বর মুম্বই থেকে সরাসরি সেঞ্চুরিয়নেই পা দেবে দল। শ্রীলঙ্কা টিমও দক্ষিণ আফ্রিকা সফরের সময় ওই হোটেলেই ছিল। আগের বারের মতো এ বারও কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তা থাকছে আইরিনে।
বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কম প্রশ্নের মুখে পড়তে হয়নি বোর্ডকে। তাই যে কোনও পরিস্থিতি সামলানোর জন্য তৈরি থাকছে সিএসএ। কোভিডের কথা ভেবেই এখনও পর্যন্ত মাঠে দর্শক প্রবেশের ব্যাপারে অনুমতি দেয়নি ওই দেশের সরকার।
কার্যকরি সিইও ফোলেতসি মোসেকি বলেছেন, ‘‘মাঠে দর্শক প্রবেশ করা যাবে কিনা, তা এখনও ঠিক করিনি আমরা। সরকারের সঙ্গে আলোচনার পর তা করা হবে। তার আগে আমাদের বেশ কয়েক জনের সঙ্গে কথা বলতে হবে। তার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।’’
ক্রিকেটাদের নিরাপত্তার কথা ভেবে হোটেলে বেশকিছু পদক্ষেপ নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বলা হয়েছে কোনও অতিথিই ঢুকতে পারবেন না ভারতের টিম হোটেলে। সমস্ত কর্মীরা এখন থেকেই কোয়ারান্টিনে রয়েছেন। ইতিমধ্যেই কোভিড অফিসার নিয়োগ করা হয়েছে। ক্রিকেটাররা কিংবা অন্য কেউ স্বাস্থ্যবিধি ভাঙলে তাঁকে শোকজ করা হবে।