
শেষ আপডেট: 21 November 2023 17:44
দ্য ওয়াল ব্যুরো: এবারের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ব্যতিক্রমী দৃশ্য মুখ্যমন্ত্রীর পাশে মহারাজ। মুখবন্ধ তৈরি হয়েছিল স্পেনে। মঙ্গলবার চিত্রনাট্যটির বৃত্ত সম্পূর্ণ হল বিশ্ববাংলা অডিটোরিয়াম ধনধান্যে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিল্প সম্মেলনে উপস্থিত থেকে সৌরভ একদিকে যেমন শিল্পস্থাপনে নিজেদের ধারাবাহিকতার প্রমাণ রাখলেন তেমনই এদিনের মঞ্চ থেকে বাংলায় নতুন ইনিংসেরও সূচনা করলেন দাদা।
এর আগে স্পেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন সৌরভ। স্পেনের মাটি থেকে শালবনীতে জিন্দলদের অধিকৃত জমিতে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে শিল্পস্থাপনের ঘোষণাও করেছিলেন তিনি।
এদিন বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে সৌরভ বলেন, “আপনারা বাংলায় আসুন, দেখুন। আমি এটুকু বলতে পারি আপনারা হতাশ হবেন না। হ্যাঁ ছোটখাটো বাধা বা সমস্যা হতে পারে। কিন্তু আমি নিশ্চিত তার দ্রুত সমাধানও হয়ে যাবে।"
কে, কীভাবে সেই সমাধান করবেন, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ বলেন, "আমি মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে রয়েছি বলে ভাববেন না যে আমি ওনার হয়ে বলছি। আমি মমতাদিকে দীর্ঘদিন ধরেই চিনি। উনি শত ব্যস্ততার মাঝেও সবদিকে নজর রাখেন। এসএমএস করলে ১ মিনিটের মধ্যে উত্তর দেন।"
সৌরভের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এমন প্রশংসার কথা শুনে হাততালিতে ভরে ওঠে সভাস্থল। শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে সৌরভ আরও বলেন, " বাংলায় মেধার অভাব নেই। নবীন প্রজন্ম উচ্চ শিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়। আমি আশা রাখব, আপনারা এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে আস্থা রাখবেন।"
সৌরভের স্পেন সফর নিয়ে নিন্দকদের অনেকেই সমালোচনা করেছিলেন। তবে দেশ বিদেশের বিনিয়োগ টানতে আগামীদিনে সৌরভই যে অলিখিতভাবে রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসাডার হতে চলেছে তাও ক্রমেই স্পষ্টতর হচ্ছে বলেও মত ওয়াকিবহাল মহলের।