
শেষ আপডেট: 6 September 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: লন্ডন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেকেন্ড হোম। এই শহরের সঙ্গে নানা স্মৃতি জড়িয়ে রয়েছে মহারাজের। টেস্ট অভিষেকে লর্ডসে সেঞ্চুরি থেকে শুরু করে ন্যাটওয়েস্ট ট্রফিতে এই মাঠেই জার্সি খুলে ঘোরানোর মতো বিতর্কিত মুহূর্ত। সৌরভ ক্রিকেটার জীবনে তো বটেই, খেলা থেকে অবসর নেওয়ার পরে বারবার ছুটি কাটাতে গিয়েছেন ওই শহরে। এবার তাঁর মেয়ে সানাও (Sana Ganguly) লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন। সৌরভ তনয়াকে দেখা গিয়েছে চিরাচরিত স্নাতক হওয়ার পরে সেই পোশাকে।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে (convocation day) সানা পাশে পেয়েছেন বাবা সৌরভ ও মা ডোনা গঙ্গোপাধ্যায়কে। মহারাজ লন্ডন যাওয়ার সপ্তাহখানেক আগেই ডোনা মেয়ের কাছে পৌঁছে গিয়েছিলেন। টেমস নদীর নিকটবর্তী সৌরভের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। সেখানেই রয়েছে পুরো পরিবার।
সমাবর্তন অনুষ্ঠানের দু'টি ছবি সৌরভ নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। দাদা লিখেছেন, সানার কাছে একটি বিশেষ দিন। সমাবর্তন অনুষ্ঠানে অভিনন্দন সানা। আরও বহু পথ চলা বাকি। আবেগের এই পোস্টে মহারাজ বিশেষ মন্ত্র দিয়েছেন কন্যাকে। যিনি আরও উচ্চশিক্ষার জন্য লন্ডনেই থাকবেন ঠিক করেছেন।
সৌরভ এবার স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডনে দেদার ছুটি কাটাবেন। এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে যাবেন একটি সফরে। তারপর সৌরভ ফিরে আসবেন কলকাতায়। তিনি সিএবি-র বিশ্বকাপের কমিটিতে রয়েছেন। থাকবেন সিএবি-র ৩০ সেপ্টেম্বরের বার্ষিক সভাতেও।
রোহিতের মুশকিল আসান করলেন সৌরভ, বলে দিলেন চার নম্বর ব্যাটারের নাম