
শেষ আপডেট: 30 June 2023 09:44
দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান সফরের দল ঘোষণার পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় মেজাজ হারিয়েছেন। তিনি এবার প্রশ্ন তুলেছেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খানের বাদ যাওয়া নিয়ে। এমনকী বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের না থাকাও মহারাজকে অবাক করেছে।
সৌরভ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন, সরফরাজ তো ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। তারপরেও ওকে বাদ কেন দেওয়া হল, সেটি আমাকে অবাক করেছে। কেন তা হলে ঘরোয়া ক্রিকেটে জোর দেওয়ার কথা বলা হচ্ছে?
গত তিনটি রঞ্জি মরশুমে মুম্বইয়ের নামী ব্যাটার মোট ২৫৬৬ রান করেছেন। ২০১৯-২০ মরশুমে ৯২৮ রান, পরের মরশুমে ৯৮২ রান এবং তারপরের মরশুমে ৬৫৬ রান করেছেন এই তারকা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি আরও বলেছেন, আমার মনে হয় না যশস্বী জয়সোয়ালকে নির্বাচকরা দলে নিয়েছেন রঞ্জি, ইরানি কিংবা দলীপ ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতে। আইপিএলে ভাল খেলেই বরং যশস্বী দলে এসেছে। আমার খারাপ লাগছে সরফরাজের কথা ভেবেই। ছেলেটা ঘরোয়া ক্রিকেটে এত ভাল খেলল, এত রান করল, অথচ আইপিএলে ভাল খেলতে পারিনি ওকে রাখল না দলে। এটা ঠিক বিচার নয়। নির্বাচকদের ধারাবাহিকতা দেখাতে হবে।
পাশাপাশি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ নিয়েও সৌরভ পাশে দাঁড়িয়েছেন। অভিমন্যু ভাল খেলেছে কয়েকবছর ধরেই। কবে আর ওকে সুযোগ দেওয়া হবে? দলের সঙ্গে থাকা, আর খেলা, অনেক পার্থক্য।