
শেষ আপডেট: 21 November 2023 17:11
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর স্পেনের শিল্প সফরে মমতার পাশে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। স্পেনের মাটি থেকেই বাংলায় আড়াই হাজার কোটি বিনিয়োগের ঘোষণা করেছিলেন মহারাজ। মঙ্গলবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলন। এদিনের শিল্প মঞ্চে সৌরভ যেন ছিলেন আরও সাবলীল। মঞ্চে মমতার একপাশে বসেছিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। অন্যপাশে বসেছিলেন সৌরভ।
মঞ্চে বক্তব্য রাখতে উঠে সৌরভ বলেন, “মমতাদিকে একটা এসএমএস করবেন, দেখবেন এক মিনিটের মধ্যে জবাব পেয়ে যাবেন। কীভাবে এত তাড়াতাড়ি উনি জবাব দেন, সেটা ভেবে আমি নিজেও চমকে যাই।”
সৌরভ আরও বলেন, “যখন দেশের বাইরে থাকি, টিভিতে আমাকে দেখলে দিদি ফোন করে খোঁজ খবর নেন। খাবার ঠিকমতো খাচ্ছি কিনা জানতে চান।” অর্থাৎ রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্ত্রী হয়েও মমতার যে সবদিকে নজর থাকে শিল্প সম্মেলনে দেশ বিদেশের শিল্পপতিদের কাছে সৌরভ সেটাই স্পষ্ট করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিন বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে সৌরভ বলেন, “বাংলায় মেধার অভাব নেই। নবীন প্রজন্ম উচ্চ শিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়। আমি আশা রাখব, আপনারা এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে আস্থা রাখবেন। আমি এটুকু বলতে পারি আপনারা হতাশ হবেন না। হ্যাঁ ছোটখাটো বাধা বা সমস্যা হতে পারে। কিন্তু আমি নিশ্চিত তার দ্রুত সমাধানও হয়ে যাবে।"
শিল্প মঞ্চে সৌরভের এই উপস্থিতি এবং বক্তব্য, রাজ্যের শিল্পস্থাপনে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিন নিজের সংক্ষিপ্ত ভাষণে সৌরভ স্পষ্ট করতে চেয়েছেন, বাংলায় বিনিয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করা যেতে পারে। তিনি বাংলায় শিল্প চান। তিনি হেল্প ফুল. সহজে তার কাছে পৌঁছতে পারা যায়।