
শেষ আপডেট: 1 July 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: ভ্রমণপ্ৰেমীদের অনেকের কাছেই স্বপ্নের বেড়ানো হল ইউরোপ ট্যুর। সেই ড্রিম ট্রিপের জন্য একটু একটু করে টাকা জমান অনেকেই। সেই ট্রিপে মূলত ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, স্কটল্যান্ড ইত্যাদিই থাকে। ইউরোপের দেশগুলির মধ্যে ঘুরতে যাওয়ার ঠিকানা হিসেবে অনেকটাই কম পছন্দের জায়গা হল ক্রোয়েশিয়া। কিন্তু অনেকেই জানেন না, এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য টেক্কা দেবে বহু তাবড় দেশকেও। যাঁরা জানেন, তাঁরা সময় সুযোগ বের করে চলে আসেন দুব্রোভনিক শহরে।

অনেকেই জানেন না, দুব্রোভনিক সহ ক্রোয়েশিয়ার বিভিন্ন জায়গায় বিখ্যাত টিভি-শো গেম অফ থ্রোনসের শ্যুটিং হয়েছিল। এই শহরটি ভূমধ্যসাগরের তীরবর্তী একটি সুপ্রাচীন দুর্গ-শহর। যার প্রতিটি পাথরে-ইটে রয়েছে রোমান-গথিক স্থাপত্যের ছাপ। নীলচে সবুজ-জলের গা ঘেঁষেই উঠেছে পাথরের দেওয়াল। কোথাও আবার সবুজ তৃণভূমিতে সূর্যের আলো পড়ে ঝিকিয়ে ওঠে। তাই যাঁরা দেশ-বিদেশের অফবিট জায়গায় একান্তে ছুটি কাটাতে ভালবাসেন, তাঁদের অনেকেই দুব্রোভনিকে চলে আসেন। কিন্তু সম্প্রতি পর্যটকদের জন্য এক অদ্ভুত নিয়ম এনেছে এই শহর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখানে আর চাকা লাগানো ট্রলি ব্যাগ নিয়ে বেরোনো যাবে না। আর তাতেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে দুব্রোভনিক চলে আসা লোকজন বিপদে পড়েছেন।

আসলে দুব্রোভনিক শহরের পথঘাট সবই মূলত পাথুরে ইটের তৈরি। তার উপর দিয়ে যখন পর্যটকরা চাকা লাগানো ট্রলি ব্যাগ টেনে নিয়ে যান, তখন তার ঘরঘর শব্দে টেকা দায় হয়। দিনের পর দিন এই শব্দ শুনতে শুনতেই নাকি ঘুম উড়েছে এখানকার বাসিন্দাদের। তাই তাঁদের অভিযোগের ভিত্তিতেই শহরের মেয়র মাতো ফ্র্যাঙ্কোভিচ সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তাঘাটে আর চাকাওয়ালা ট্রলি ব্যাগ নিয়ে চলাফেরা করা যাবে না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তবে তাঁকে ২৮৮ ডলার জরিমানা করা হবে।
কিন্তু কীভাবে এই নিয়ম কার্যকর করা হবে?
সূত্রের খবর, নভেম্বরে পর্যটকরা দেশে প্ৰবেশ করা মাত্র তাঁদের কাছ থেকে চাকা লাগানো ব্যাগ জমা নিয়ে নেওয়া হবে। পরে পর্যটন অফিস ক্যুরিয়ার মারফত সেই ব্যাগ তাঁদের ঠিকানায় ফেরত পাঠিয়ে দেবে। শহরের কর্মকর্তারা নতুন নিয়ম চালু করার কারণ হিসেবে জানিয়েছেন, তাঁরা স্থানীয় পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করার উপর জোর দিতে চান। এছাড়া পর্যটকরা যাতে দুব্রোভনিক শহরে ঘোরার সময় ঠিকমতো পোশাক পরেন, পোষ্যদের নিয়ে ঘুরতে বেরোলে তাদের যথাযথভাবে লিশ পরিয়ে নিয়ে বেরোন এবং কোনও মনুমেন্টে না চড়েন, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে তাঁদের।

উল্লেখ্য ইউরোপের অন্যান্য শহরের তুলনায় কম পরিচিত হলেও এই শহরে আসা পর্যটকদের সংখ্যা নেহাত কম নয়। শুধুমাত্র চলতি বছরেই ২ লক্ষ ৮৯ হাজার পর্যটক এই শহরে এসে পৌঁছেছেন, এবং ৭ লক্ষ ৬৩ হাজারের বেশি পর্যটক রাত্রিবাস করেছেন এখানে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গরুর মাংস কেনার 'অপরাধে' দুই যুবককে বাইক থেকে নামিয়ে মারধর করল বজরং কর্মীরা