
সৌগত রায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 8 April 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র (SSC) অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই রায় শোনার পর উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস শিবির। দলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, তিনি অত্যন্ত খুশি। এতদিন ধরে যে পক্ষপাতদুষ্ট যে রায় ছিল, তার সমাপ্তি ঘটল।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দফতর বা এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhayay) নিশানা করেছেন সৌগত রায়।
তৃণমূল সাংসদ সরাসরি প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ''সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকার সময়ে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন। সেটা শেষ হল। এও প্রমাণ হল, সরকার যে সুপারনিউমারিক পোস্ট তৈরি করেছিল সেটাও বৈধ।'' সৌগতর কথায়, তাঁরা প্রথম থেকেই বলে আসছিলেন যে কলকাতা হাইকোর্টের একটা অংশ পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তাঁদের অভিযোগই প্রমাণিত হল।
এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাজ্য মন্ত্রিসভারও অনুমোদন ছিল ওই সিদ্ধান্তে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। এমনকী, প্রয়োজনে সেই সিদ্ধান্তে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সেই নির্দেশই খারিজ করেছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল। এই মন্তব্যের ভিত্তিতে আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে তদন্তের কোনও প্রয়োজন নেই এবং মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। ফলত কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে যায়। অনেকেই মনে করছেন, এই রায় পশ্চিমবঙ্গ সরকারকে স্বস্তি দিয়েছে। তৃণমূল কংগ্রেসও এই রায়কে নিজেদের জয় হিসেবে দেখছে।