
শেষ আপডেট: 16 June 2022 03:59
দ্য ওয়াল ব্যুরো: সোনু নিগম (Sonu Nigam), জাভেদ আলি, সুনিধি চৌহান (Sunidhi Chouhan), জুবিন নটিয়াল-- সকলেই কয়েক মাসের মধ্যে শো করতে আসছেন কলকাতায় (Kolkata)। অনুষ্ঠান আয়োজক সংস্থাগুলির তরফে এমনটাই জানা গেল। ফলে কেকে-র মৃত্যুর (KK Death) পর থেকেই যে গুমোট আবহাওয়া ঘনিয়েছিল এ শহরের অনুষ্ঠানের ক্ষেত্রে, তা যেন খানিক হাল্কা হল।
মুম্বইয়ের সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ক্ষত এখনও টাটকা। নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে শিল্পীর এই মৃত্যুতে শুধু শোক নয়, সেই সঙ্গে উঠেছিল নানা প্রশ্ন, অভিযোগ। অনুষ্ঠান আয়োজকদের তরফে যে বিস্তর সমস্যা ছিল, তা বারবার সামনে এসেছে। নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ উঠেছে বারবার। এর ফলে মুম্বইয়ের শিল্পী মহলের একাংশের মধ্যেও ক্ষোভ, আতঙ্ক তৈরি হয়েছিল। বিভিন্ন গুজবও রটেছিল। সব মিলিয়ে মুম্বই ও কলকাতার মধ্যে যেন এক দূরত্ব তৈরি হয়েছিল।
এই ঘটনার পর কলকাতায় এসে মুম্বইয়ের শিল্পীরা অনুষ্ঠান করবেন কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়। সংশয়কে সত্যি করে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সুরেন্দ্রনাথ কলেজের অনুষ্ঠানে আসার পরিকল্পনা বাতিলও করেন সুনিধি চৌহান এবং জুবিন নটিয়ালের।
তবে এবার পরিস্থিতি বদলাচ্ছে। জানা গেছে, এই মাসের ১৭ তারিখ শিলিগুড়ি কলেজে মুম্বইয়ের গায়ক ঋতুরাজ মহান্তি শো করতে আসবেন। এৎ পরে জুলাইয়ে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে সোনু নিগম ও জাভেদ আলি কলকাতায় একটি অনুষ্ঠান করবেন। এমনকি সুনিধি চৌহান এবং জুবিন নটিয়ালের যে অনুষ্ঠান 'বাতিল' হয়েছিল বলে খবর, তাঁরাও নভেম্বরেই শহরে আসছেন অনুষ্ঠান করতে।
কলকাতার আয়োজক সংস্থাগুলির বক্তব্য, কলকাতায় আসা নিয়ে মুম্বইয়ের শিল্পীদের কোনও সমস্যা নেই। কেকে-র ঘটনার পরে 'ভয়' পেয়ে মুম্বইয়ের শিল্পীরা এ শহরে আসতে চাইছেন না বলে যা রটানো হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। কলকাতায় আসার ক্ষেত্রে মুম্বইয়ের শিল্পীদের কোনও বাধা নেই, কেউ কোনও শর্ত বা সুবিধাও দাবি করছেন না।
তবে একথা সত্য, কেকে-র ঘটনার পর সমস্ত অনুষ্ঠানেই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যে। সেই নির্দেশ মেনেই এখন থেকে সমস্ত অনুষ্ঠানস্থলে অ্যাম্বুল্যান্স রাখা হবে, চিকিৎসকও থাকবেন। কেকে-র ঘটনা থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে বলে জানানো হয়েছে।
বেসরকারি ট্রেন চলা শুরু দেশে! প্রথম যাত্রায় ১১০০ যাত্রী, রেল পাবে বছরে ৩.৩৪ কোটি