
শেষ আপডেট: 8 February 2024 22:49
দ্য ওয়াল ব্যুরো: হুগলির হরিপালে নৃশংস ঘটনা ঘটেছে। নিজের মাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিপালের নালিকুলে। মৃত মহিলার নাম সুমিত্রা গরাং। তার ছেলে অভিযুক্ত নিতাই গরাংকে গ্ৰেফতার করেছে হরিপাল থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সুমিত্রাদেবীর বড় ছেলে অর্থাৎ অভিযুক্ত নিতাই মানসিক রোগী। তাঁর দাদা গৌরাঙ্গ গরাং বলেন, “এদিন সকালে আমি ও আমার ভাই বাড়ির বিভিন্ন জায়গা পরিষ্কার করছিলাম। শৌচালের উপর থেকে লাউ মাচা পরিষ্কার করা হচ্ছিল। সেই সময় হঠাৎই একটা ইট ভাইয়ের মাথায় পড়ে যায়। তখন ভাই রেগে গিয়ে মায়ের দিকে কাটারি নিয়ে ছুটে যায়।”
ছেলের এমন ভয়ঙ্কর রূপ দেখে সুমিত্রাদেবী ছুটে পাশের বাড়িতে ঢুকে যান। সেখানে গিয়ে মায়ের মাথা ও গলায় কোপ মারে নিতাই। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান সুমিত্রাদেবী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্তের দাদা গৌরাঙ্গ বলছেন, “ভাইয়ের মাথার দোষ আছে। কয়েক বছর ধরে চিকিৎসাও চলছে, ওষুধও খায়। কিন্তু আজকে হঠাৎ কীভাবে সে মাথা গরম করে ফেলল বুঝতে পারছি না।” ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ছেলে নিতাই গরাংকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে , অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে।