
শেষ আপডেট: 30 December 2023 19:58
দ্য ওয়াল ব্যুরো: 'ছোট গল্প'-এর সংজ্ঞা দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শেষ হইয়াও হইল না শেষ...! ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কোন্দলও যেন ঠিক তেমনই। শেষ হয়েও শেষ হচ্ছে না। দুই নেতার ঝামেলা মেটাতে আসরে নেমেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সুব্রত বক্সী। শনিবার নৈহাটিতে দু'জনকে পাশাপাশি বসিয়ে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেই বৈঠকে এলেনই না সোমনাথ।
অর্জুন-সোমনাথের মধ্যে এই ঝামেলার খবর কালীঘাটেও পৌঁছেছে। দু'দিন আগেই উত্তর ২৪ পরগনায় কর্মিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন, 'পুরনো চাল ভাতে বাড়ে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। নতুনদেরও দরকার। আমি কোনও ঝগড়া বরদাস্ত করব না। কেউ যদি ভাবে লোকালি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালবেসে নিজেকে ভালবাসব, তাহলে সেটা তৃণমূলে হবে না।'
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কোন্দল প্রকাশ্যে এসেছে বারে বারে। জেলার রাজনীতিতে মাথা চাড়া দিয়েছে গোষ্ঠী কোন্দল। বলা চলে, কেউ কারও মুখ দেখেন না। একে অপরের সঙ্গে একই ফ্রেমে পাওয়া যায় না তাঁদের।
তৃণমূলের অন্দরেই খবর, এই দ্বন্দ্বের জেরেই ওই এলাকায় সুবিধা পাচ্ছে বিজেপি। এমনকী সংগঠনেও বড় ধাক্কা খাচ্ছে। তাই শীর্ষ নেতৃত্বই অর্জুন-শ্যামের ঝামেলা মেটাতে উদ্যোগী হন। দু'জনকে এক টেবিলে বসিয়ে মিটমাট করানোর চেষ্টা করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
শনিবার বিকেলে সেই বৈঠক হওয়ার কথা ছিল। অর্জুন ও সুব্রত নির্ধারিত সময়ে বৈঠকে পৌঁছলেও সোমনাথ শ্যামের দেখা মেলেনি। সূত্রের খবর, তাঁর সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু পাওয়া যায়নি তাঁকে। ঘণ্টা খানেক অপেক্ষা করেন তাঁরা। কিন্তু সোমনাথ না আসায় শুধু চা খেয়েই ফিরতে হল সুব্রত বক্সীকে। কিন্তু কেন এই বৈঠক এড়িয়ে গেলেন সোমনাথ? পরে সাংবাদিকদের জগদ্দলের বিধায়ক জানান, এই মিটিংয়ের ব্যাপারে জানতেনই না তিনি।
উল্লেখ্য, মাস দেড়েক আগে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছিল জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদবের। ওই ঘটনায় জড়িত সন্দেহে গত ২১ ডিসেম্বর অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু যাদব ওরফে সঞ্জীব যাদবকে গ্রেফতার করে পুলিশ। এরপরই অর্জুন সিংয়ের বিরুদ্ধে সমাজবিরোধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন জগদ্দলের বিধায়ক। পাল্টা আক্রমণ করেন অর্জুন সিংও। তিনি সোমনাথ শ্যামের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরির অভিযোগ আনেন। প্রকাশ্য সভায় তাঁকে 'পোল্ট্রি মুরগি' বলে কটাক্ষ করেন। পাল্টা আক্রমণ শানান সোমনাথও।