
সোহম চক্রবর্তী
শেষ আপডেট: 13 June 2024 15:45
দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় বৃহস্পতিবার সকালেই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আদালত সূত্রের খবর, ২,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন পেয়েছেন সোহম।
বৃহস্পতিবার সকালে সোহমের বারাসত আদালতে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে যায়, যে তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন কিনা। সোহম নিজে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি এই ব্যাপারে কোনও মন্তব্য করবেন না। বিষয়টি বিচারাধীন তাই এখনই কিছু বলতে চান না। রেস্তোরাঁর মালিক তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন সেই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হওয়ার কথা শুক্রবার। তার আগেই বারাসত আদালতে স্বস্তি পেলেন সোহম চক্রবর্তী।
রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁকে এবং তাঁর পরিবারের লোককে হুমকি দেওয়া হচ্ছে। সোহমের লোকজনই ভয় দেখাচ্ছেন তাদের বলে অভিযোগ। এই ব্যাপারে পুলিশও কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও সরব হয়েছেন রেস্তোরাঁর মালিকের আইনজীবী। অবশেষে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। এই ঘটনায় একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রেস্তোরাঁ মালিক অভিযোগ করেছিলেন, কোনও কথা না শুনেই সোহম তাঁকে প্রথমে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। মারধরও করা হয়। এমনকী কলার চেপে ধরে রেস্তোরাঁ তুলে দেওয়ার হুঁশিয়াারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি। যদিও পরে তিনি এই বিষয়ে ক্ষমাও চেয়ে নেন। তবে তাতে লাভ হয়নি। এদিকে এদিন বারাসত আদালতে জামিন চাইতে গিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন সোহম। আদালতে জামিনের আবেদন করার পর তাঁকে বহুক্ষণ সরকারি আইনজীবীর ঘরে দেখা যায়। একটি মামলায় অভিযুক্ত হয়ে কেন তিনি আদালত কক্ষে না বসে, সরকারি আইনজীবীর ঘরে সময় কাটাবেন, সেই প্রশ্ন উঠেছে।