দ্য ওয়াল ব্যুরো: সন্তানের সঙ্গে ক্রিকেট খেলছিলেন মা। সেই ছবিই সম্প্রতি ধরা পড়ে এক সাংবাদিকের লেন্সে। আর তার পরেই তা ভাইরাল। সাধারণ একটা ছবি ভাইরাল হওয়ার পেছনে অবশ্য কারণও রয়েছে। কারণ মা ও সন্তানের ওই সুন্দর আনন্দের মুহূর্তকে ছাপিয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে মায়ের পোশাক। কারণ ছবিতে দেখা গেছে, বোরখা পরে রয়েছেন মা। আর এই নিয়েই শুরু চর্চা।
বাংলাদেশের ঢাকায় তোলা এই ছবিটি তুলেছেন চিত্রসাংবাদিক ফিরোজ আহমেদ। কিন্তু এ ছবি দেখে অনেকেই মন্তব্য করতে শুরু করেন, এটা বাংলাদেশের নয়, পাকিস্তান বা আফগানিস্তানের ছবি। কেউ বলেন, বোরখা পরে কোনও নারীর এমন খেলাধুলো করায় নাকি ধর্মীয় বাধা রয়েছে। কারও চোখে আবার ‘অশ্লীল’ ঠেকে এই ছবি। প্রশ্ন ওঠে, বাংলাদেশের মায়ের কি এভাবে খেলতে নামার কথা? বোরখা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
তবে এই বিতর্কের মাঝেও অনেকেই প্রশংসা করেছেন ছবিটির। বাংলাদেশের একজন মা যে তাঁর পোশাক নিয়ে না ভেবে, চারপাশের কিছুর তোয়াক্কা না করে ছেলের সঙ্গে মনের আনন্দে খেলতে লেগেছেন, তাতে অনেকেই মুক্তির বার্তা খুঁজে পেয়েছেন।
অন্য এক শ্রেণি আবার প্রশ্ন তুলেছেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরোয়া না করে যদি খেলতেই নামেন কোনও মা, তাহলে বোরখা পরে কেন, বোরখাটি খুলে স্বাভাবিক পোশাকে খেলতে পারতেন!
তবে এসবের ঊর্ধ্বে একটা বড় সংখ্যক মহিলা বলছেন, মা কী পোশাক পরবেন, সেটা তো তাঁর নিজস্ব সিদ্ধান্ত। পোশাক যাই হোক, ছেলের সঙ্গে আনন্দ করতে বা খেলতে যে তা বাধা হয়নি, সেটাই তো আনন্দের বিষয়!

কেউ কেউ আবার বলেছেন, পোশাকের কথা বাদ দিয়ে ওই মহিলার ব্যাট ধরার স্টাইলটা দেখার মতো। মনে হচ্ছে যেন দক্ষ কোনও ক্রিকেট প্লেয়ার ব্যাট ধরেছেন।
তাই কেউ আবার সমালোচনাকারীদের জবাব দিয়ে লিখেছেন, "আপনারা মা আর সন্তানের ভালবাসা, আনন্দ দেখেন না। দেখেন পোশাক। আপনাদের সাথে তাদের কোনও পার্থক্য নাই, যারা মেয়েদের পোশাককে কটাক্ষ করে অন্যায় বা অপরাধকে লঘু করার চেষ্টা করে।"
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন বিবিসি-কে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেন, "একজন মা তার সন্তানকে উৎসাহিত করার জন্য নিজেই খেলতে নেমেছেন। এটাই বড় বার্তা। তাঁর পোশাক নয়। কারণ আমাদের মায়েরা তো ক্রিকেট খেলেন না। এটাও তো একটা অনিয়মিত ঘটনাই বলা চলে। পোশাক নিয়ে বিতর্কটা আসলে অহেতুক।"
বস্তুত, রক্ষণশীল সমাজে প্রচলিত ধারণা হচ্ছে বোরখা মানেই অন্দরমহলে নিজেকে লুকিয়ে রাখা, বোরখা মানেই অন্ধ ধর্মচিন্তা। এই ধারণা যুগে যুগে গেঁথে গিয়েছে মানুষের মনে। তাই বোরখা পরা মহিলা মানেই তিনি ঘরের কাজে ব্যস্ত থাকবেন, এমন চিন্তা অবচেতনে কাজ করে। তাই তাঁকে ক্রিকেট খেলতে দেখলে ধাক্কা লাগে। বিতর্ক ঘনায়।
পরে জানা যায়, ছবিতে বোরখা পরে ক্রিকেট খেলা সেই মায়ের নাম ঝর্না আখতার। তিনি সংবাদমাধ্যমকে জানান, সন্তানের আবদারে তাকে আনন্দ দেওয়ার জন্যই তিনি বোরখা পরেই ক্রিকেট খেলেছেন। এ ছবি নিয়ে এত কথা হবে, তা তিনি জানতেনও না। তবে ছবি ভাইরাল হওয়ার পরে তিনি ও তাঁর পরিবার খুব খুশি বলেই জানিয়েছেন তিনি।
ঝর্না নিজেও এক সময়ে অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে খেলাধুলো তাঁর সহজাত। তাই ছেলে যখন তাঁকে খেলতে বলে, তিনি প্রায়ই ব্যাট বা বল নিয়ে নেমে পড়েন। এটা নতুন কিছু নয়।
তাঁর কথায়, “এটা তো খারাপ কিছু না। কেউ আমার পোশাক বা হরকত নিয়ে ভুল বুঝলে আমার কিছু করার নেই। কিন্তু এটা সকলের বোঝা উচিত, সন্তান যখন আবদার করে তখন একজন মা কিন্তু সব ধরনের আবদার রাখতে চেষ্টা করেন। আমি বোরখা পরেছি বলে সন্তানের আবদার রাখব না, এটা কি হয়? সন্তানের আনন্দে আমার পোশাক বাধা হবে কেন! এই জন্যই তো আমি মা!”
ছবি: ফিরোজ আহমেদ, দ্য ডেলি স্টার