
নিজস্ব ছবি
শেষ আপডেট: 18 April 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতেই ছোট করে ঘরোয়া অনুষ্ঠান। সন্ধেবেলা রেজিস্ট্রি। সকাল থেকেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিউটাউনের বাড়িতে হইহই ব্যাপার-স্যাপার। সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতাকর্মী সদলবলে তদারকি করছেন বিয়ে বাড়ি। অনুষ্ঠানের ব্যাস্ততা যখন তুঙ্গে তখনই হঠাৎ আতঙ্ক। হল কী? আইডিয়াল ভিলা অর্থাৎ অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়ল সাপ (Snake)। যদিও সাময়িক আতঙ্ক জাগলেও সরীসৃপটিকে উদ্ধার করে পাশের একটি ঘেরা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।
দিলীপ ঘোষের বিয়েবাড়ি থেকে বেরল সাপ#TheWallNews #DilipGhosh #dilipghoshmarriage #kolkata pic.twitter.com/T2MOmkQNQm
— The Wall (@TheWallTweets) April 18, 2025
বাস্তু মতে, ঘরে কালো সাপ এলে তা শুভ বলে মনে করা হয়। এর অর্থ ভগবান শিবের আশীর্বাদ শীঘ্রই পেতে চলেছেন। আর্থিক সঙ্কট কাটতে চলেছে। তবে জ্যোতিষীদের অনেকেই যেটা মনে করেন তা হল, দম্পতিদের মধ্যে প্রেম ও স্নেহ বৃদ্ধি করে সাপ। অনেক বাড়িতে সন্তান আসারও ইঙ্গিত দেয় এই সরীসৃপ (দ্য ওয়াল এই ধরনের ব্যাখ্যা মানতে অনুরোধ বা বাধ্য করে না)।
বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের টুইটে প্রথম সামনে আসে, দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন। এর পরে একদিকে যখন ঝমঝমে বৃষ্টিতে ভিজতে থাকে কলকাতা ও দক্ষিণবঙ্গ, তখনই দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে এই বিয়ের খবর এবং তাকে ঘিরে নানা জল্পনাও।
শেষমেশ যা জানা যায়, দিলীপ ঘোষের মা পুষ্পলতা দাবীর ইচ্ছে ও উদ্যোগেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁর আদরের নাড়ু, অর্থাৎ ৬১ বছর বয়সি বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার, দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী। অনেক বছরই পরিচয় রয়েছে তাঁদের।
গতকাল সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগুপিছু পরিচয় আর প্রয়োজন হয় না। খবরটা প্রথমে শুনেই কেউ ভেবেছিলেন গুজব, কেউ ভেবেছিলেন বেচারা দিলীপ ঘোষকে ট্রোল করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।