
শেষ আপডেট: 21 November 2023 17:16
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ঠাকুরের চালচিত্র ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে সাপ! শাসক দলের নেতার জগদ্ধাত্রী পুজো মণ্ডপে সাপ বেরনোয় হইচই পড়ে গেছে পান্ডুয়ায়।
২৩ বছর ধরে পান্ডুয়া স্টেশন বাজারের কাছে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। মঙ্গলবার সেখানেই নবমী পুজো চলছিল। অঞ্জলি দিতে জড়ো হয়েছিলেন অনেকেই। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছিলেন। আচমকাই শোলার চালচিত্রের পাশ থেকে মুখ বাড়াতে দেখা যায় একটি সাপকে।
সেখানে উপস্থিত অনেকেই সাপটিকে দেখে আঁতকে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই ওই সাপটি চালচিত্র বেয়ে নীচের দিকে নামতে থাকে। কয়েক ঘণ্টা ধরে চালচিত্রের আশেপাশে ঘোরাফেরা করছিল সাপটি। মণ্ডপে উপস্থিত কেউ সাপটিকে তাড়াননি।
তাঁরা এই ঘটনাকে 'অলৌকিক' বলেই মেনে নিয়েছেন। পুজো কমিটির সদস্য অসিত চট্টোপাধ্যায় বলেন, ''এ এক অলৌকিক ঘটনা। এর আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। সবই মায়ের ইচ্ছা। সাপ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তাই সেটিকে কোনও আঘাত করা হয়নি।