
শেষ আপডেট: 27 November 2023 19:46
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। দক্ষিণবঙ্গের একমাত্র স্থলবন্দর পেট্রাপোল। প্রতিদিন সেখান দিয়ে বহু ট্রাকের আনাগোনা রয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সীমান্ত। সেখানেই একটি ট্রাকের কেবিন থেকে বেশ কয়েকটি সোনার বিস্কুট, সোনার কিউব ও সোনার ছোট বার উদ্ধার করেছে বিএসএফের জওয়ানরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মোট দু কিলো সোনা উদ্ধার করেছেন তাঁরা। যার মূল্য প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা। শুধু তাই নয় এক পাচারকারীকেও হাতেনাতে গ্রেফতারও করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছিল। দক্ষিণবঙ্গ সীমান্তের নিরাপত্তার দায়িত্ব থাকা ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা চেকিংয়ের সময় এই সোনা উদ্ধার করে।
গত ২৬ নভেম্বর পেট্রাপোল সীমান্ত থেকে সোনা পাচারের খবর আগেই গোপনসূত্রে পেয়েছিল বিএসএফ। তাই সীমান্তে কড়া নজরদারি চলছিল। একটি খালি ট্রাক আসতে দেখে সন্দেহ হয় জওয়ানদের। পেট্রাপোল বন্দরের পার্কিং এলাকায় ট্রাকটিকে থামিয়ে তল্লাশি শুরু করে তারা। গাড়ি থেকে চালককে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে। ট্রাকটি তন্ন তন্ন করে তল্লাশি করার সময় ট্রাকের কেবিন থেকে ৮টি সোনার বিস্কুট, ৪ টি সোনার কিউব ও ৫ টি সোনার ছোট বার উদ্ধার হয়। কেবিনের উপরে টেপ দিয়ে সোনাগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল।
বিএসএফ জানিয়েছে, ধৃত পাচারকারীর নাম আব্দুল জোহাব মালিক। ২৯ বছরের আব্দুলের বাড়ি উত্তর ২৪ পরগনার খালিতপুর এলাকায়। পেশায় সে ট্রাক চালক। কয়েকদিন আগে অতিরিক্ত উপার্জনের লোভে চোরাচালানকারীদের সঙ্গে যুক্ত হয় সে।
জেরায় সে জানিয়েছে, আশিক মণ্ডল নামে এক বাংলাদেশী বেনাপোলের কাছে এসে তাকে এই সোনা দিয়ে বনগাঁয় এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলে। কাজ পুরো হলে ১০,০০০ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিএসএফ জওয়ানরা আব্দুলকে সোনা সমেত ধরে ফেলে।