
শেষ আপডেট: 12 December 2020 11:39
সম্প্রতি দিল্লির পুরোনো বাড়ির ছবি পোস্ট করলেন স্মৃতি ইরানি। আবেগতাড়িত হয়ে পোস্ট করে লিখলেন, "ঘর.. যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁরা শুধুমাত্র জানেন প্রতি ১১ মাস অন্তর অন্তর ব্যাগ গুছিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে কেমন লাগে। শুধু তো বাড়ি নয়, ছেড়ে আসতে হয় বন্ধুবান্ধব, প্রিয়জনদের। প্রতিটা জায়গার সঙ্গে কত স্মৃতি থাকে। সেসব বুকে জড়িয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় মায়া কাটিয়ে ছুটে যেতে হয়। এই তো জীবন।" লেখাটা পড়ে অনেকের চোখেই জল চলে আসে।
ঘরের ছবি ছাড়াও দাদুর পাশে তিনি বসে আছেন, এমন একটি ছবিও পোস্ট করেছেন স্মৃতি ইরানি। বোধহয় হঠাৎ করেই মনে পড়ে গিয়েছিল দাদুর কথা। ক্যাপশনে লিখেছেন, "১২৪৬ আরকে পুরাম। দিল্লির এই বাড়িতেই শৈশব কাটিয়েছি। এখনও মনে পড়ে কত স্মৃতি। এখানেই দাদু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার জীবন গড়ে দিয়েছেন তিনি। এই বাড়িতে থেকেই যা কিছু শিখেছি, জীবনে চলার পথে সেগুলোই প্রতিটা মুহূর্তে মনে রেখেছি।" পোস্টটির সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে #মেরাঘর লিখে তাঁর অনুরাগীদের তাঁদের বাড়ির গল্প ইনস্টাগ্রামে শেয়ার করতে বলেছেন। সঙ্গে এও বলেছেন সেই পোস্টের সঙ্গে তাঁকে যেন ট্যাগ করা হয়।