মেয়ের জন্য চিকেন রাঁধলেন স্মৃতি, ছবি-রেসিপি দিলেন ইনস্টায়! বানাতে পারেন আপনিও
দ্য ওয়াল ব্যুরো: 'আমি পেঁয়াজ, রসুন খাই না। তাই আমাকে নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।'-- ঠিক দু'বছর আগে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে সংসদে এমনটাই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থ
শেষ আপডেট: 9 December 2021 09:51
দ্য ওয়াল ব্যুরো: 'আমি পেঁয়াজ, রসুন খাই না। তাই আমাকে নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।'-- ঠিক দু'বছর আগে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে সংসদে এমনটাই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বস্তুত গেরুয়া শিবিরের মধ্যে বিশুদ্ধ নিরামিষ শাকাহারীদের সংখ্যাই বেশি, অন্তত প্রচার তেমনটাই।
কিন্তু এবার যেন ছক ভাঙলেন আর এক 'গেরুয়া' বধূ স্মৃতি ইরানি। মেয়ের জন্য চিকেন কারি রান্না করলেন তিনি, শুধু তাই নয়, সেই রান্নার পদ্ধতিও স্টেপ বাই স্টেপ ছবি ও লেখা-সহকারে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়!
তবে সে বিতর্ক থাক। আমিষ খাওয়ায় আসলে কোনও বাধা তো কোথাও নেই! তার উপর স্মৃতি ইরানির মা ছিলেন বাঙালি। ফলে তাঁর 'মাছে-ভাতে' থাকারই কথা। তার উপরে মেয়ে আবদার করেছে, সে কী ফেলা যায়! তাই কোমরে আঁচল গুঁজে রান্না করতে নেমে পড়েছিলেন অভিনেত্রী ও রাজনীতিক স্মৃতি। নারকেলের দুধ দিয়ে সুস্বাদু মুরগির মাংস রান্না করেছেন নিজের মেয়ে শানিলির জন্য।
স্মৃতি জানিয়েছেন, মাসির হাতে খাওয়া স্পেশ্যাল চিকেন কারির আবদার করেছিল শানিলি। ইনস্টাগ্রামে সে কথা লিখে, রেসিপি জানিয়ে, মজা করে ক্যাপশন করেছেন, ‘শানিলি ইরানি যখন জো ইরানির মতো চিকেন কারি খেতে চেয়েছে।’ জো ইরানি স্মৃতির বোনের অর্থাৎ শানিলির মাসির নাম। সবশেষে চিকেন কারির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় মেয়ের জন্য তাড়াহুড়োয় তৈরি কারি’।স্মৃতি ইরানির তৈরি সেই চিকেন আপনিও বানাতে পারেন খুব সহজে। রইল রেসিপি।
কী কী লাগবে?
দেড় কেজি চিকেন, ১ টেবিল চামচ নারকেলের দুধ, ২ চা চামচ তেল, ৪টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করা, সামান্য হলুদ, ২ চামচ ধনে গুঁড়ো, দেড় চামচ লাল লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, ৫টি টোম্যাটো কুচি করা, স্বাদ মতো নুন, এক কাপের চার ভাগের এক ভাগ আদা-রসুন বাটা, ধনে পাতা কুচি।
কীভাবে বানাবেন?
স্টেপ ১
চিকেনে আদা-রসুন বাটা মাখিয়ে আধ ঘণ্টার জন্য রেখে দিন। তার পর ২ কাপ জল দিয়ে মুরগির মাংসকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিন।
স্টেপ ২
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার এতে এক এক করে হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং চিকেন মশলা দিন। ভাল ভাবে নাড়ুন কয়েক মিনিট।
স্টেপ ৩
মশলা কষা হলে কসুরি মেথি, টোম্যাটো দিন। টোম্যাটো নরম হয়ে গেলে তাতে নুন ও সেদ্ধ করা সেই চিকেন দিয়ে ভালভাবে নাড়ুন। চিকেনের সঙ্গে মশলা ভাল করে মিশে গেলে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। সবশেষে তাতে নারকেলের দুধ দিয়ে ফুটতে দিন। কড়াই ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ করুন।
স্টেপ ৪
মাংস সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশ করুন এই সু্স্বাদু পদটি। রেডি চিকেন কারি। আর এ রান্না যদি মায়ের হাতে হয়, স্মৃতির মতো, তাহলে তার স্বাদই যে আলাদা হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।