নির্বিঘ্নে শেষ হল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। প্রায় ৯৯% উপস্থিতি শিক্ষামহলে নতুন আশার সঞ্চার করেছে।

উচ্চ মাধ্যমিক
শেষ আপডেট: 12 February 2026 16:47
দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তা, এয়ারপোর্ট-ধাঁচের তল্লাশি আর স্বচ্ছ পরীক্ষা—সব মিলিয়ে নির্বিঘ্নে শেষ হল এ বছরের উচ্চ মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষার প্রথম ভাষার (First Language) পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল কড়া নজরদারি। শিক্ষা সংসদ (WBCHSE)-এর তথ্য অনুযায়ী, প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী এদিন পরীক্ষায় হাজির ছিলেন।
এ বছর প্রথমবার পশ্চিমবঙ্গে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। তার পাশাপাশি পুরনো সিলেবাস ও সাপ্লিমেন্টারি (Supplementary) পরীক্ষাও এদিনই হয়। দুপুরের পর নেওয়া হয় সেমেস্টার ও সাপ্লিমেন্টারি পরীক্ষা—সমস্তটাই শিক্ষা সংসদের নির্দিষ্ট নিয়ম মেনে।
পরীক্ষাকেন্দ্রগুলির অধিকাংশেই পরিবেশ ছিল শান্ত, নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। কোথাও বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। শুধু পূর্ব বর্ধমান( East Burdwan)-এর মন্তেশ্বর (Manteswar)-এর এক পরীক্ষাকেন্দ্রে নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সংসদ সূত্রে জানানো হয়েছে, ওই পরীক্ষার্থী চলতি বছরে আর কোনও পরীক্ষায় বসতে পারবে না।
মোবাইল ফোন নিষিদ্ধ—এ বছর এ নিয়েই ছিল শিক্ষা সংসদের সবচেয়ে কড়া অবস্থান। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এয়ারপোর্টের মত স্ক্যানিং (Scanning) ও তল্লাশি করা হয়েছে। প্রবেশের সময় ছাত্রছাত্রী থেকে অভিভাবক—সকলকেই পেরোতে হয়েছে কঠোর নিরাপত্তার স্তর। সংসদের বক্তব্য, “পরীক্ষা যাতে স্বচ্ছ থাকে, কোনও গোপনীয়তা নষ্ট না হয়—তাই এমন ব্যবস্থা।” প্রশ্নপত্র নিয়ে কোথাও কোনও অভিযোগ ওঠেনি বলেও জানানো হয়েছে।
এ বছর জেল (Jail) থেকে কোনও পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি। তবে অসুস্থতার কারণে ১০ জন পরীক্ষার্থীকে হাসপাতাল (Hospital) থেকেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে হয়েছে। সব ক্ষেত্রেই নজরদারি ছিল কঠোর।
প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে মেটে, তাতেই স্বস্তি শিক্ষা দফতরের। সংসদ সূত্রে জানানো হয়েছে, “প্রথম দিন কোনও সমস্যা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা চাই আগামী দিনগুলিতেও একই শৃঙ্খলা বজায় থাকুক।”
সময় না পাওয়া বা প্রশ্ন পত্র নিয়ে যে অভিযোগ পড়ুয়া বা অভিভাবকদের তরফে উঠেছে, সে প্রসঙ্গে কোনও মন্তব্য এদিন সংসদের তরফে বলা হয়নি। শুধু জানানো হয়েছে, সেমিস্টার পদ্ধতি আদতে ভাল। বছর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।