
ফাইল ছবি
শেষ আপডেট: 12 February 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: চলতি বাজেট আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন দেওয়া হবে।
রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য এই ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীরা তৃণমূল স্তরে জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্থানীয় মানুষের মধ্যে সেতুবন্ধন করেন। প্রতিটি মা এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও দেন। তাঁজের কাজকে সম্মান জানিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া ছাড়াও এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্ট ফোন দেওয়া হবে। এই জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
গত জানুয়ারি মাসেই আশা কর্মীদের 'উপহার' দেওয়া হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের অনুদানের অভাব রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। এরপরই মমতা জানান, রাজ্য সরকার তাঁদের জন্য যা করার তা করবে। সেই সময়ই তিনি ঘোষণা করেছিলেন, আশা কর্মী এবং আইসিডিএস-এর কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে। এই উদ্যোগের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ফোন দেওয়ার ঘোষণা হয়ে গেল এবারের রাজ্য বাজেটে।