
শেষ আপডেট: 31 March 2023 15:17
দ্য ওয়াল ব্যুরো: চলতি অর্থবর্ষের শেষ দিনে মধ্যবিত্তের জন্য সুখবর বয়ে আনল কেন্দ্র সরকারের অর্থমন্ত্রক। স্বল্প সঞ্চয়ের প্রায় প্রতিটি স্কিমেই (Small savings schemes) বাড়ল সুদের হার (interest rate)। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, এমআইএস (MIS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), কিষাণ বিকাশ পত্র এবং পোস্ট অফিসের সব ধরনের মেয়াদি জমার সুদ পুনর্বিন্যাস করা হল ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে। অর্থাৎ আগামী তিন মাস (এপ্রিল-জুন) স্বল্প সঞ্চয়ের সুদের হার ঘোষণা করল কেন্দ্র সরকার। গত ন’মাসে এই নিয়ে তৃতীয়বার সুদের হার পরিবর্তন করা হল।
স্বল্প সঞ্চয়ের সুদ বাড়লেও একই রইল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF)-এর সুদের হার অর্থাৎ ২০২৩-২৪ প্রথম ত্রৈমাসিকে পিপিএফের সুদের হার আগের ৭.১ শতাংশই বহাল রইল।
অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার বাড়ল ৭০ বেসিস পয়েন্ট (১০০ বেসিস পয়েন্ট বাড়লে সুদ বাড়ে ১ শতাংশ)।
এক ঝলকে নতুন সুদের হার
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২ শতাংশ (৮)
কিষান বিকাশ পত্র ৭.৫ শতাংশ (৭.২)
পোস্ট অফিসে
১ বছরের মেয়াদি জমা: ৬.৮ শতাংশ (৬.৬)
২ বছরের মেয়াদি জমা: ৬.৯ শতাংশ (৬.৮)
৩ বছরের মেয়াদি জমা: ৭ শতাংশ (৬.৯)
৫ বছরের মেয়াদি জমা: ৭.৫ শতাংশ (৭)
(বন্ধনীর মধ্যে সংখ্যাগুলি আগের ত্রৈমাসিকের সুদের হার)
মাসিক আয় সঞ্চয় প্রকল্পে (MIS) সুদের হার ৭.১ শতাংশ থেকে বেড়ে হল ৭.৪ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার ৭ থেকে বেড়ে হল ৭.৭ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ঘোষিত হল ৮ শতাংশ, যা আগের ত্রৈমাসিকে ছিল ৭.৬ শতাংশ।
এই সুদ বৃদ্ধি ধারাবাহিক ভাবে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে চলবে বলে অর্থনীতিবিদদের ধারণা। পোস্ট অফিসের ১ থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদি জমা ও পাঁচ বছরের রেকারিং ডিপোজিট সহ স্বল্প সঞ্চয়ের সমস্ত স্কিম সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণের উদ্দেশ্য সাধারণ নাগরিকদের নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করা। এই নিয়ন্ত্রণের মধ্যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সহ সমস্ত স্বল্প সঞ্চয়ের স্কিম অন্তর্ভুক্ত।
নজিরবিহীন: ভোটমুখী কর্নাটকে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে চেক করল পুলিশ