
মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, গুলাম রব্বানী ও বাবুল সুপ্রিয়।
শেষ আপডেট: 7 August 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় যে ছোট রদবদল হতে চলেছে দ্য ওয়ালে আগেই এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। হলও তাই।
বুধবার দুপুরে মন্ত্রিসভায় রদবদল করা হল। পার্থ ভৌমিকের সেচ দফতর পেলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। অর্থাৎ দায়িত্ব বাড়ল মানসের। জল সম্পদ ও উন্নয়ন দফতরের সঙ্গে এবার থেকে সেচ দফতরও সামলাবেন তিনি। প্রসঙ্গত, পার্থ এখন ব্যারাকপুরের সাংসদ।
একইভাবে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেলেন পরিবেশ দফতর। অন্যদিকে দফতর বদল হল পরিবেশ মন্ত্রী গুলাম রব্বানীর। পরিবেশের পরিবর্তে তিনি এখন থেকে অচিরাচরিত শক্তি দফতর সামলাবেন। একইভাবে তথ্য ও প্রযুক্তি দফতরের পাশাপাশি এখন থেকে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও সামলাবেন বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, এতদিন শিল্প পুনর্গঠন দফতর ছিল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে। এখন থেকে ওই দফতরের দায়িত্বে মন্ত্রী বাবুল সুপ্রিয়। আরও স্পষ্ট করে বললে, বাবুল সুপ্রিয় যে দু'টি দফতরের মন্ত্রী তার একটি একসময় ছিল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে এবং অন্যটি ছিল জ্যোতিপ্রিয় ওরফে বালুর হাতে।
তবে কারা দফতরের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। অর্থাৎ সংশ্লিষ্ট দফতর আপাতত সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই। উল্লেখ্য, কারামন্ত্রী পদ থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন অখিল গিরি। সোমবারই ওই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রিসভার রদবদল নিয়ে গত ২২ জুলাই 'মন্ত্রিসভায় ছোট বদলের যে প্রস্তাব ঝুলে আছে রাজভবনে, তা এই রকম' শীর্ষক প্রতিবেদনে আগেই প্রকাশিত হয়েছিল দ্য ওয়ালে। সেখানে নবান্নের সূত্র উদ্ধৃত করে একথাও লেখা হয়েছিল, মানস ভুঁইয়াকে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। হলও তাই।
নবান্ন সূত্রে খবর, গত ১৭ জুলাই এ ব্য়াপারে রাজ্যপালের অনুমতি চেয়ে ফাইল পাঠানো হয়েছিল। তবে রাজভবন এতদিন তাতে অনুমতি দেয়নি। সূত্রের খবর, মঙ্গলবার সেই ফাইলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। তারপরই মন্ত্রিসভায় সংক্ষিপ্ত রদবদল করা হল।