দ্য ওয়াল ব্যুরো: রাতবিরেতে চুরি! তাও আবার আখ! তবে এই কাজ মানুষের নয়। আসল চোর একটা ছোট্ট বাচ্চা হাতি। ক্ষেতের মধ্যে মাকে ছাড়া একা একাই বেরিয়ে পড়েছে সে। ক্ষিদে পেয়ে গিয়েছিল বোধহয়। কিন্তু কে জানত, হাতেনাতে ধরা পড়বে! ধরা পরতেই চুরির আখ ছেড়ে সরুমতো ইলেকট্রিক পোলের আড়ালে লুকিয়ে ফেলল নিজেকে। দুপাশ থেকে তাকে দেখা যাচ্ছে? তাতে কী? সে তো দেখতে পাচ্ছে না সেটা!
হাতির ছানার এমন মজার কীর্তির ছবি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। থাইল্যান্ডের এই ছোট্ট হাতির ছবিটি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, একা একাই মন দিয়ে আখ খাচ্ছিল সে রাতের অন্ধকারে। কিন্তু হঠাৎ মানুষ আসতে দেখে লুকিয়ে পরে একটা সরু ইলেকট্রিক পোলের আড়ালে। কারণ তার ধারণা, এই ইলেকট্রিক পোলের আড়ালে থাকলে তাকে কেউ দেখতে পারবে না। কাঁচুমাচু মুখে পোলের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষেতের মালিক নিজেই হেসে লুটোপুটি খেয়েছেন। টর্চের আলো তার উপর ফেলেও রেখেছিলেন কিছুক্ষণ। বাচ্চা হাতিটি কিন্তু ঠায় সেখানে দাঁড়িয়ে ছিল, 'লুকিয়ে'।
সাধারণত হাতিরা আখ খেতে ভালইবাসে। কিন্তু ছোট্ট হাতিকে মা ছাড়া ঘুরতে প্রায় দেখাই যায় না। হাতির বাচ্চা যখন ছোট থাকে, তখন তার আশেপাশে মা থাকে দলবল-সহ। এমন দৃশ্যই আমাদের চেনা। কিন্তু এই আখচোর হাতি ক্ষিদের চোটে এত রাতে একা একাই ছুটে এসেছে ক্ষেতে। তাই তার উপর আঘাত করেননি কেউ।
তবে এমন আখচোর হাতি কিন্তু ভারতেও আছে। এবছরের শুরুর দিকে ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছিলেন রাস্তা দিয়ে যেতে যেতেই পাশের গাড়ির আখ টেনে এক মনেই খাচ্ছিল একটা হাতি। সেই পোস্টও তখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি ক্যাপশনে লিখেছিলেন, "সুস্বাদু লাঞ্চ। আখ হাতিদের সবচেয়ে প্রিয় খাবার। তাদের ডায়েটে আখ থাকেই। এটা হাতিদের শরীরে শক্তি যোগায়।"