দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান মন্তব্য করেছিলেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তিনি মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসে। এই মন্তব্যের প্রতিবাদে বুধবার জুতো ছোঁড়া হল অভিনেতার দিকে। বুধবার সন্ধ্যায় তিনি যখন তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুপ্পারানকুনদ্রমে ভাষণ দিচ্ছিলেন, তখন তাঁর দিকে একজন জুতো ছোঁড়েন। জুতো অবশ্য অভিনেতার গায় লাগেনি।
এই ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়েছে ১১ জনের বিরুদ্ধে। তারা বিজেপি ও হনুমান সেনার সদস্য। নাথুরাম গডসেকে নিয়ে কমল হাসানের মন্তব্যের পরে নানা মহলে বিতর্ক সৃষ্টি হয়। তিনি আরাভাকুরিচির এক জনসভায় ওই মন্তব্য করেন। আগামী সোমবার ওই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। সেখানে কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়ামের প্রার্থী আছে।
কমলের মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলে, ভোটের প্রচারে হিন্দু সন্ত্রাসবাদের কথা বলায় আমরা তাঁর তীব্র নিন্দা করছি। যে এলাকায় বহু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করেন, সেখানে তিনি সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বালাতে চাইছেন।
তামিলনাড়ুর মন্ত্রী কে টি রাজেন্দ্র বালাজিও ওই মন্তব্যের নিন্দা করেন। তিনি বলেন, কমল হাসানের জিভ কেটে নেওয়া উচিত। সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না। মক্কাল নিধি মাইয়াম দাবি করে, ওই মন্তব্যের জন্য বালাজিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া উচিত। মঙ্গলবার অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়।
বুধবার কমল বলেন, আমি যা বলেছি, তা সত্য। তাঁর কথায়, ইতিহাসে যা লেখা আছে, আমি তাই বলেছি। ভাষণে যা বলেছিলাম, তা খাপছাড়াভাবে উদ্ধৃত করা হচ্ছে। আমি কখনও অশান্তিতে ইন্ধন দিইনি। মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি বলেছেন, আমি কেবল নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্য করেছিলাম। সামগ্রিকভাবে হিন্দু সম্প্রদায় নিয়ে কিছু বলিনি।
তার আগে মক্কাল নিধি মাইয়াম থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, কমলের মন্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তাঁকে অনেকে হিন্দুবিরোধী বলে দেখাতে চায়। তাদের উদ্দেশ্য ভালো নয়। এর পিছনে আছে বিরাট ষড়যন্ত্র।