দ্য ওয়াল ব্যুরো : ১৪৪ ধারা ভেঙে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করতে গিয়েছিলেন ৫০-১০০ জন বিজেপি সমর্থক। পুলিশ বাধা দিতেই লেগে যায় ধুন্ধুমার। এক মহিলা অফিসারকে চুলের মুঠি ধরে টেনে আনেন নাগরিকত্ব আইনের সমর্থকরা। তাঁকে লাথি মারেন। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলাশাসক নিধি নিবেদিতা। পুলিশকে আক্রান্ত হতে দেখে তিনিও এক বিজেপি কর্মীকে চড় মারেন। মধ্যপ্রদেশের রাজগড় জেলার ঘটনা।
যে দুই মহিলা পুলিশকে বিজেপি সমর্থকরা আক্রমণ করেছিল, তাঁদের নাম প্রিয়া বর্মা ও শ্রুতি আগরওয়াল। মারপিটে আরও অন্তত তিন পুলিশকর্মী আহত হয়েছেন। জেলাশাসক নিবেদিতা বলেন, “মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তারপরেও ১৪৪ ধারা ভেঙে ৫০-১০০ জন মিছিল বার করে। পুলিশ তাদের থামায়। তারা গোলমাল শুরু করে। এক মহিলা পুলিশ অফিসারের চুল ধরে টানে। তাঁকে লাথি মারে। আর এক মহিলা অফিসারের জামা-কাপড় ছিঁড়ে দিতে চেষ্টা করে।”
https://twitter.com/ANI/status/1218863076801298432
গোলমালের সময়কার এক ভিডিওতে দেখা যায়, গোলাপি জ্যাকেট আর নীল স্কার্ফ পরা প্রিয়া বর্মা ভিড়ের মধ্যে ঢুকলেন। অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে পড়েছিল। ৭৫ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, প্রিয়া কয়েকজনকে কলার ধরে টেনে আনছেন। আর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, প্রিয়া একজনকে চড় মারলেন। কয়েকজনকে তিনি চেঁচিয়ে কিছু বলছেন। ওই ক্লিপের শেষদিকে আছে, এক ব্যক্তি প্রিয়ার চুল ধরে টানল। তাঁর হেয়ার ব্যান্ড খুলে পড়ে গেল।
https://twitter.com/Anurag_Dwary/status/1218844448307597312
আর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, জেলাশাসক নিবেদিতা উত্তেজিত বিজেপি সমর্থকদের মুখোমুখি হয়েছেন। তারা খুব জোরে স্লোগান দিচ্ছে। এর মধ্যে জেলাশাসক একজনকে চড় মারলেন। গত শনিবার থেকে রাজগড় জেলায় ১৪৪ ধারা জারি আছে। তা সত্ত্বেও বিজেপির প্রাক্তন বিধায়ক অমর সিং যাদব, মোহন শর্মা এবং জেলা বিজেপির সভাপতি দিলবার সিং যাদবের নেতৃত্বে মিছিল বেরোয়।