
শেষ আপডেট: 13 July 2023 05:54
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL Transfer) এমন কাণ্ড হামেশাই ঘটে থাকে। এক দল থেকে অন্য দলে খেলোয়াড় দেওয়া-নেওয়া। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) সাহাল আব্দুল সামাদকে নিতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। বুধবার সেটাই পাকাপাকি হয়ে গেল। প্রায় চার কোটি টাকার রেকর্ড চুক্তিতে সবুজ মেরুন শিবিরে এলেন সাহাল। অন্যদিকে, প্রীতম কোটাল (Pritam Kotal) চলে গেলেন কেরলে।
সাহালের (Sahal Abdul Samad) সঙ্গে তিন বছরের চুক্তি করল মোহনবাগান। অনেকদিন ধরেই সাহালকে পছন্দ ছিল জুয়ান ফেরান্দোর। এবার তাঁকে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ ছিল মোহনবাগান সুপার জায়েন্ট।
মোহনবাগানের অধিনায়ক প্রীতমের সঙ্গে কেরল ২ কোটি টাকার চুক্তি সই করল। তিনি কেরলে অধিনায়ক হচ্ছেন। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ক্যাপ্টেন প্রীতমের বিরাট ভূমিকা ছিল। তবে কোচ দলকে ঢেলে সাজানোর কথা ভেবেছেন। তাই নতুন তারকা প্লেয়ার দিয়ে মোহনবাগান শিবির সাজিয়ে তুলছেন জুয়ান।
মোহনবাগান ইতিমধ্যেই অনিরুদ্ধ থাপা ও আনোয়ার আলিকে দলে নিয়েছে। এবার এলেন সাহাল। জুয়ান চাইছেন, অনিরুদ্ধ ও সাহালকে দিয়ে মাঝমাঠে জোর বাড়াতে। এখন দেখার জুয়ানের পরবর্তী স্ট্যাটেজি কী হয়।